ভারতে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নৌবাহিনীর ২১ সদস্যসহ আক্রান্ত ৯৯২
https://parstoday.ir/bn/news/india-i79166-ভারতে_করোনায়_আরও_৪৩_জনের_মৃত্যু_নৌবাহিনীর_২১_সদস্যসহ_আক্রান্ত_৯৯২
ভারতে করোনায় গত ২৪ ঘন্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৯৯২ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশে এপর্যন্ত মোট ৪৮০ জন প্রাণ হারিয়েছেন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৭৮। এছাড়া ১ হাজার ৯৯২ জন সুস্থ হয়েছেন। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৮, ২০২০ ১০:১৮ Asia/Dhaka
  • ভারতীয় নৌবাহিনীর ২১ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে
    ভারতীয় নৌবাহিনীর ২১ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

ভারতে করোনায় গত ২৪ ঘন্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৯৯২ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশে এপর্যন্ত মোট ৪৮০ জন প্রাণ হারিয়েছেন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৭৮। এছাড়া ১ হাজার ৯৯২ জন সুস্থ হয়েছেন। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।

এদিকে, এ বার ভারতীয় নৌবাহিনীতেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় ২১ জন নৌসেনাকে নৌবাহিনীর হাসপাতাল আইএনএইচএস অশ্বিনী-তে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভারতের মুম্বইয়ের নৌসেনা ঘাঁটি আইএনএস অ্যাঙ্গরে-তে কাজ করেন ওই নৌসেনারা। মোট ২১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। ওই ঘটনায় কার্যত আতঙ্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ওই নৌঘাঁটি থেকেই নৌসেনা ওয়েস্টার্ন কমান্ডের লজিস্টিকাল এবং প্রশাসনিক কাজকর্ম চলে। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে নৌসেনা সূত্রে আশঙ্কা করা হয়েছে।

তাবলিগ জামাতের কয়েকজ সদস্য

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে রোহিঙ্গা শরণার্থীদের করোনা ইস্যুতে তদন্ত করতে বলেছে কারণ তাদের মধ্যে বেশকিছু ব্যক্তি সম্প্রতি দিল্লির নিজামউদ্দিনে তাবলিগের মারকাজের কর্মসূচিতে অংশ নিয়েছিল। মুখ্যসচিব এবং পুলিশের ডিজিপিকে লেখা চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাবলিগ জামাতে বহু রোহিঙ্গা মুসলিম বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে এমন খবর এসেছে। এ রকম পরিস্থিতিতে তাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, হায়দরাবাদের শিবিরে বসবাসকারী কিছু রোহিঙ্গা হরিয়ানার মেওয়াতে তাবলিগের একটি কর্মসূচিতে যোগ দিয়েছিল এবং সেখান থেকে তারা দিল্লির নিজামুদ্দিনে গিয়েছিল।

ভারতে এ পর্যন্ত সবচেয়ে আক্রান্ত ও মৃতের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। এখানে গত ২৪ ঘণ্টায় ১১৮ জন আক্রান্ত ও ৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে মোট ৩ হাজার ৩২৩ জন আক্রান্ত ও ২০১ জনের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৬৭ জন আক্রান্ত ও ৪ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে এপর্যন্ত মোট এক হাজার ৭০৭ জন আক্রান্ত এবং ৪২ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয়স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে এ পর্যন্ত ১ হাজার ৩২৩ জন আক্রান্ত এবং ১৫ জন মারা গেছে। মধ্য প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১০ এবং মৃতের সংখ্যা ৬৯ জন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।