পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ রফতানি বাণিজ্য পুনরায় শুরু
https://parstoday.ir/bn/news/india-i79492-পেট্রাপোল_সীমান্ত_দিয়ে_ভারত_বাংলাদেশ_রফতানি_বাণিজ্য_পুনরায়_শুরু
করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের মধ্যে বন্ধ হয়ে থাকা বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। লকডাউন ও অন্যান্য নানা কারণে এই সীমান্ত দিয়ে অনেকদিন ধরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে থাকার পরে অবশেষে আজ (বৃহস্পতিবার) সীমান্তের নোম্যানস ল্যান্ডে পরীক্ষামূলকভাবে তা চালু হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ৩০, ২০২০ ১৬:০১ Asia/Dhaka

করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের মধ্যে বন্ধ হয়ে থাকা বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। লকডাউন ও অন্যান্য নানা কারণে এই সীমান্ত দিয়ে অনেকদিন ধরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে থাকার পরে অবশেষে আজ (বৃহস্পতিবার) সীমান্তের নোম্যানস ল্যান্ডে পরীক্ষামূলকভাবে তা চালু হয়।

যদিও সামাজিক বা দৈহিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ওই কাজ শুরু করতে গিয়ে বাণিজ্যের পরিমাণ মোটেও আশাব্যাঞ্জক নয়। সন্ধ্যা পর্যন্ত মাত্র দুই গাড়ি পণ্য রফতানি করা সম্ভব হয়েছে বলে ‘পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানিয়েছেন।

তিনি বলেন, ‘সরকারি তাগিদে বন্ধ হয়ে থাকা বাণিজ্য পুনরায় চালু হলেও বাংলাদেশের শ্রমিকরা জিরো পয়েন্টে এসে তাঁদের ট্রাকে যেভাবে পণ্য খালাস করছেন এবং আমাদের কাগজপত্র বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে যেভাবে হস্তান্তর করতে হচ্ছে তাতে দৈহিক দূরত্ব বজায় রাখা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার খতিয়ে দেখুক। আমরা বাণিজ্য সচল রাখতে চাই। কিন্তু এর মধ্যদিয়ে কোনও করোনা আশঙ্কা সৃষ্টি না হয় সেটা দেখা বিশেষ প্রয়োজন।’  

বৃহস্পতিবার পেট্রাপোল-বেনাপোল সীমান্তের নোম্যানস ল্যান্ডে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে পণ্য বোঝাইয়ের কাজ হয়। বাংলাদেশী শ্রমিকরা এসময় মুখে মাস্ক পরে পণ্য ওঠানো নামানোর কাজ করেন।

পেট্রাপোল এক্সপোর্টার্স ও ইমপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার বিশ্বাস বলেন, স্যানিটেশন পদ্ধতি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে নোম্যানস ল্যান্ডে দু’দেশের মধ্যে পণ্যবাহী ট্রাকের মালামাল দেওয়া-নেওয়া হয়েছে।

এদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে মাত্র এক ট্রাক পাট বীজ ও এক ট্রাক ভুট্টার বীজ নোম্যানস ল্যান্ডে বাংলাদেশের ট্রাকে লোড করা সম্ভব হয়েছে বলে ‘পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানিয়েছেন।#    

পার্সটুডে/এমএএইচ/এআর/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।