করোনা সঙ্কট থেকে নিজেকে রক্ষায় ভারত অনেকাংশে সফল হয়েছে: মোদি
-
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মোকাবিলায় লকডাউনসহ বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। আজ (সোমবার) বিকেলে তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত এই সঙ্কট থেকে নিজেকে রক্ষা করতে অনেকাংশে সফল হয়েছে। রাজ্যগুলো তাদের দায়িত্ব পালন করেছে। আমরা কীভাবে লকডাউন বাস্তবায়ন করছি তা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সকলেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। গ্রাম পর্যন্ত এই সঙ্কট যাতে না পৌঁছায় এখনও সেই চ্যালেঞ্জ রয়েছে।’ তিনি এদিন, সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে অর্থনৈতিক বিষয়ে পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিদিন অনেক নির্দেশিকা পাঠায়। আমরা এসব পড়তে এবং অনুসরণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।
মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের উচিত ফেডারেল কাঠামো বজায় রাখা। করোনা সঙ্কটের সময়ে রাজনীতি করা উচিত নয়। কেন্দ্রীয় সরকার সব কিছু আগে থেকেই সিদ্ধান্ত নেয়, আমাদের কখনও জিজ্ঞেসও করে না।’
মমতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করারও অভিযোগ করেন। তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য ভালো কাজ করছে। কেন্দ্রীয় সরকারের বোঝা উচিত যে বাংলায় একটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।
এদিকে, লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এমপি আজ ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে পর্যাপ্ত ট্রেন বরাদ্দের দাবি করছেন না অভিযোগ করেছেন।
আজকের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শামিল হয়েছিলেন। করোনাভাইরাসের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীদের সাথে এটি প্রধানমন্ত্রী মোদির পঞ্চম বৈঠক।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।