লকডাউন ভেঙে যারা দাঙ্গা করেছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'লকডাউন ভেঙে যারা দাঙ্গা করেছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। এত বড় দুর্যোগেও দাঙ্গা করছেন, লজ্জা করে না আপনাদের!'
তিনি আজ (মঙ্গলবার) রাজ্য সচিবালয় নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বিরোধীদল বিশেষ করে বিজেপিকে টার্গেট করে বলেন, ‘যার যার ধর্ম সে পালন করে, সবার ধর্মকে সম্মান করাই বাংলার ঐতিহ্য। এ সময় কেন হিন্দু-মুসলমান বিভাজন করছেন? করোনায় কী হিন্দু-মুসলিম আছে? হার্ট অ্যাটাকে হিন্দু-মুসলিম আছে? মানুষকে বাজারের পণ্য হিসেবে দেখবেন না। রোগটা এসেছে বাইরে থেকে, সবাই মিলে এর প্রতিকার করতে হবে।’
তিনি বলেন, দুঃসময়ে যাঁরা রাজনীতি করে, তাঁদের কি মানুষ ক্ষমা করে? এত তাড়াতাড়ি কুৎসা ছড়াতে হবে? এত তাড়াতাড়ি কোভিড আক্রান্তের সংখ্যা বাড়াতে হবে? আমার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্রে লেগেছে কিন্তু নির্বাচনের এখনও অনেক দেরি আছে বলেও তিনি মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে বলেন, দু’মাস ধরে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ। পরিকল্পনা না করে লকডাউন করায় সমস্যা হচ্ছে। কেন্দ্রের কাছে খালি থালা নিয়ে ঘুরতে হচ্ছে। এখনও ৫২ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতেও দেনা শোধ করতে হচ্ছে। কেন্দ্রের কাছে পাওনা বকেয়া টাকা পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
এদিকে, রাজ্যের স্বাস্থ্য সচিবকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ায় মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা অধীর চৌধুরী এমপি এবং সিপিএম নেতা সুজন চট্টোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।