আলীগড় বিশ্ববিদ্যালয়ে আটকেপড়া শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার দাবি
https://parstoday.ir/bn/news/india-i79944-আলীগড়_বিশ্ববিদ্যালয়ে_আটকেপড়া_শিক্ষার্থীদের_পশ্চিমবঙ্গে_ফিরিয়ে_আনার_দাবি
ভারতে করোনাজনিত পরিস্থিতিতে একটানা লকডাউন চলতে থাকায় ঘরে ফেরানোর দাবি জানিয়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আটকেপড়া ছাত্র-ছাত্রীরা। সেখানে পশ্চিমবঙ্গের কমপক্ষে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছেন। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে উত্তর প্রদেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের বাসে করে বাড়ি পাঠানো হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১৬, ২০২০ ১৪:৫৫ Asia/Dhaka

ভারতে করোনাজনিত পরিস্থিতিতে একটানা লকডাউন চলতে থাকায় ঘরে ফেরানোর দাবি জানিয়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আটকেপড়া ছাত্র-ছাত্রীরা। সেখানে পশ্চিমবঙ্গের কমপক্ষে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছেন। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে উত্তর প্রদেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের বাসে করে বাড়ি পাঠানো হয়েছে।

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও দেওয়ান আব্দুল গণি কলেজের অধ্যাপক ড. মুহাম্মাদ ইসমাইল বলেন, ‘অভিভাবকদের অনেকেই শাসকদলের নেতাদের কাছে তাদেরকে ফিরিয়ে আনার আবেদন করেছেন কিন্তু আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। হোস্টেলে থাকা ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে বাইরে থেকে খাবার সংগ্রহ করছে।’ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অবিলম্বে আটকে পড়া ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।  

অধ্যাপক ড. মুহাম্মাদ ইসমাইল বলেন, ‘আটকে পড়া ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা হয়েছে। ওরা খুবই দুশ্চিন্তায় রয়েছে। রাজ্য সরকার অনুমতি দিলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনের সহযোগিতায় পাঠিয়ে দিতে পারবে। ওরা প্রায় একমাস ধরে ঘরে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনও সফল হননি। অন্যান্য রাজ্যের যারা ছিলেন তাঁরা সবাই চলে গেছেন। গতকাল কাশ্মীরের জন্য ট্রেন দিয়েছিল। ওরা সবাই চলে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থাপনা করেছে। কিন্তু আমাদের রাজ্য এ ধরণের পদক্ষেপ গ্রহণ করছে না।’

এ সম্পর্কে পশ্চিমবঙ্গের হুগলী জেলার বাসিন্দা ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র ছাত্র ইনজামুল সরকার আজ (শনিবার) রেডিও তেহরানকে বলেন, ‘এখানে ৩২০ জন আটকে রয়েছি। যেহেতু সবাই বাড়ি চলে যাচ্ছে। ক্লাস হচ্ছে না। এখানে থাকাটাও বেশ সমস্যার। সবাই বাড়িতে ফিরে যেতে চাইলেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেরকম কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এখান থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে আবেদন করা হয়েছিল কিন্তু এখনও কোনও সাড়া পাওয়া যায়নি।’ তিনি অবিলম্বে ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।