চীন ইস্যুতে প্রধানমন্ত্রীর দাবি প্রসঙ্গে বিরোধী সরকারপক্ষের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ
https://parstoday.ir/bn/news/india-i80822-চীন_ইস্যুতে_প্রধানমন্ত্রীর_দাবি_প্রসঙ্গে_বিরোধী_সরকারপক্ষের_মধ্যে_পাল্টাপাল্টি_বাকযুদ্ধ
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেছেন, ‘প্রধানমন্ত্রী ভারতীয় ভূখণ্ড চীনের আগ্রাসনের সামনে সমর্পণ করে দিয়েছেন। যদি ওই ভূখণ্ড চীনেরই হয়, তাহলে আমাদের সেনার মৃত্যু হল কেন? সেনাদের মৃত্যু হল কোন জায়গায়?’
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ২০, ২০২০ ১৮:০৭ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেছেন, ‘প্রধানমন্ত্রী ভারতীয় ভূখণ্ড চীনের আগ্রাসনের সামনে সমর্পণ করে দিয়েছেন। যদি ওই ভূখণ্ড চীনেরই হয়, তাহলে আমাদের সেনার মৃত্যু হল কেন? সেনাদের মৃত্যু হল কোন জায়গায়?’

চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ ইস্যুতে গতকাল (শুক্রবার) সর্বদলীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, লাদাখে কেউ ভারতের এলাকাতে ঢোকেনি। কেউ ভারতের এলাকায় ঢুকে বসেও নেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই দাবি প্রসঙ্গে বিরোধীরা প্রশ্ন তুলেছেন। আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে টার্গেট করে পাল্টা জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা অমিত শাহ বলেন, ‘যখন গোটা দেশ এক, তখন রাহুল গান্ধীর উচিত ক্ষুদ্র রাজনৈতিক গণ্ডি থেকে বেরিয়ে আসা এবং দেশের স্বার্থে পাশে দাঁড়ানো।’

পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি

অন্যদিকে, আজ পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি বলেন, ‘সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন গালওয়ানে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। ভারতীয় ভূখণ্ড বেদখলও হয়নি। আমি বুখতে পারছি না যদি কিছু না ঘটে থাকে তাহলে উত্তেজনা প্রশমনের চেষ্টা কেন? কেন সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা? কেন এই মৃত্যু?’

কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, ‘সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করেছে চীন। গালওয়ান তাদের বলে ফের দাবি করেছে চীন। বেজিংয়ের এই দাবি প্রসঙ্গে সরকারের  জবাব কী? যদি কোনও চীনা সেনা লাদাখের ভারতীয় ভূখণ্ডেই না প্রবেশ করে থাকে তাহলে ২০ জন সেনাকর্মীকে কেন চরম আত্মত্যাগ করতে হল?’

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা বলেছেন, ‘৫ মে থেকে ৬ জুনের মধ্যে কী ইস্যু ছিল যার ওপরে আমাদের ভারতীয় সেনা কমান্ডার এবং তার চীনা সমকক্ষ আলোচনা করেছিলেন। পারস্পারিক ওই সংলাপের বিষয় কী ছিল?’

রণদীপ সূর্যেওয়ালা আরও বলেন, ‘যদি চীনা সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ড দখল না করে থাকে, তাহলে ১৫/১৬  জুনের রক্তাক্ত লড়াই কোথায় হয়েছিল যারফলে আমাদের সেনারা শহীদ হয়েছিল?  এটা কী ঠিক নয় যে আমাদের ২০ জন সেনা শহীদ হয়েছিল এবং প্রায় ৮৫ জন সেনা আহত হয়েছিল? এরা সবাই ভারত মাতার সন্তান।’  

কংগ্রেস বলেছে, ‘প্রধানমন্ত্রী বলেছেন, চীন ভারতের মধ্যে অনুপ্রবেশ করেনি, এটা সম্পূর্ণভাবে চীনা শক্তির কাছে আত্মসমর্পণ। সম্ভবত আমাদের বীর সন্তানদের সাহসের বিষয়ে প্রধানমন্ত্রীর কোনও ধারণা নেই। শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন চীনের সুরের সঙ্গে সুর মেলাচ্ছেন?’

গত সোমবার রাতে গালওয়ানে নিয়ন্ত্রণরেখায় ভারত ও চীন সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়। এরপর থেকে চীনের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে বিরোধীরা সোচ্চার হয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।