সীমান্ত সুরক্ষিত না থাকায় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকছে: দিলীপ ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i80921-সীমান্ত_সুরক্ষিত_না_থাকায়_পশ্চিমবঙ্গে_রোহিঙ্গা_অনুপ্রবেশকারীরা_ঢুকছে_দিলীপ_ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, সীমান্ত সুরক্ষিত না থাকায় পশ্চিমবঙ্গে হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকছে। তিনি আজ (বুধবার) এক ভার্চুয়াল জনসম্পর্ক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০২০ ১৪:০৪ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি
    ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, সীমান্ত সুরক্ষিত না থাকায় পশ্চিমবঙ্গে হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকছে। তিনি আজ (বুধবার) এক ভার্চুয়াল জনসম্পর্ক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘বাংলার অস্তিত্বই বিপন্ন। সারা ভারতবর্ষের স্থলসীমা প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার। সেটা সুরক্ষিত। কিন্তু পশ্চিমবঙ্গে এক হাজার কিলোমিটার দিনাজপুরের কাছের সীমান্তে বেড়া দেওয়া যায়নি। কারণ এখানকার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে জমি দেয়নি। আগের সিপিএম সরকার দেয়নি এখন তৃণমূল সরকারও দিচ্ছে না। সেজন্য এক হাজার কিলোমিটার অসুরক্ষিত অবস্থায় খোলা থাকার জন্য হাজার হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকছে। এখানকার অর্থনীতিকে তাঁরা শোষণ করছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের লাভ নিয়ে নিচ্ছে। এখানকার মানুষের জীবনের শান্তিকে নিয়ে নিচ্ছে। এখানে উগ্রপন্থি কাজকর্ম চালিয়ে বোমা-বন্দুক তৈরি করছে। উগ্রপন্থি প্রশিক্ষণ দিচ্ছে। জেলায় জেলায় বোমা বিস্ফোরণ হচ্ছে। নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাদের ওপরে অত্যাচার হচ্ছে। আর্থিক প্রগতি বন্ধ হয়ে গেছে। ভয়ের পরিবেশ চলছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই। প্রতিদিন খুনখারাপি হচ্ছে। সাধারণ মানুষ থেকে বিপক্ষ পার্টির কর্মীরা আজ বিরাট বড় চ্যালেঞ্জের সামনে আছেন।’

দিলীপ বাবুর দাবি, ‘শান্তিতে নিজের ধর্মকর্ম পালনের জন্য, নিজের মা-বোনকে নিয়ে সম্মানের সঙ্গে বাঁচার জন্য ওপার বাংলা থেকে কোটি কোটি মানুষ পালিয়ে এসেছিলেন। কিন্তু আজ বাংলার অস্তিত্বই বিপন্ন।’‘রাজ্যে অসামাজিক, সমাজবিরোধী হিংসাশ্রয়ী সরকার চলছে। এই সরকারের বিদায়ের সময় চলে এসেছে’ বলেও বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেন।

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।