ভারতকে চোখ রাঙালে তার উপযুক্ত জবাব দেওয়া হবে: রবিশঙ্কর প্রসাদ
-
ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ
ভারত-চীন চলমান উত্তেজনার মধ্যে ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ভারত শান্তির পক্ষে। কিন্তু কেউ যদি আমাদের চোখ রাঙায়, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেছেন।
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্প্রতি ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করা প্রসঙ্গে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘দেশবাসীর তথ্য নিরাপত্তার স্বার্থেই আমরা চীনা অ্যাপ নিষিদ্ধ করেছি। এটা একটা ডি়জিটাল স্ট্রাইক।’
রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, ‘বিদেশি অ্যাপগুলোর উপরে আমাদের নির্ভরতা কমানো উচিত। চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় দেশীয় সংস্থাগুলো অ্যাপ তৈরির সুযোগ পাবে। নতুন নতুন অ্যাপ তৈরি করবে।’
ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আজ একটি বৈঠকের আয়োজন করে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। ওই বৈঠক থেকেই ‘মেড ইন ইন্ডিয়া’ অ্যাপ তৈরির ডাক দেন রবিশঙ্কর প্রসাদ।
ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, যদি আমাদের ২০ জন সেনা তাদের জীবন দিয়ে থাকে তবে এটি চীনা পক্ষের দ্বিগুণ হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা তাদের পক্ষে কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি।
এ সম্পর্কে পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদকমণ্ডলীর সদস্য ভানু সরকার বলেন, ‘অ্যাপ, ডিজিটাল স্ট্রাইক এসব কথা বাদ দিয়ে আগে কেন্দ্রীয় সরকারের উচিত গালওয়ানের প্রকৃত ঘটনা দেশবাসীকে জানানো। সরকার যেটা করছে তাহলো, বিড়াল যেমন গরম দুধ দেখলে চারদিক দিয়ে ঘুরঘুর করে, খাওয়ার ইচ্ছা থাকলেও খেলে মুখ পুড়বে সেই ভয়ে খায় না কিন্তু দুধের আশা ছাড়ে না। এই সরকারেরও ঠিক তাই হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রথমত গালওয়ানে কী হয়েছে তা দেশের প্রত্যেক নাগরিক যারা ট্যাক্স দেয় তাঁদেরকে জানানো উচিত। কারণ তাঁদের প্রতেকের অধিকার আছে বিষয়টি জানার। ভারতের যে ২০ সেনা মারা গেছে তাঁদের প্রায় প্রত্যেকেই ভারতের কৃষক পরিবারের সন্তান। সেজন্য ‘অ্যাপ স্ট্রাইক’, ‘ডিজিটাল স্ট্রাইক’ এসব বাদ দিয়ে গালওয়ানের প্রকৃত অবস্থা কী তা জানানো উচিত। দ্বিতীয়ত ভারতে কত চীনা পুঁজি খাটে তা জানাতে হবে।’
এদিকে, ভারত-চীন চলমান সংঘাতের মধ্যে রাশিয়া থেকে ২১ টি নতুন মিগ-২৯ বিমান কিনবে ভারত। আজ কেন্দ্রীয় সরকার এটি অনুমোদন করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এক বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ১২ টি সুখোই যুদ্ধবিমানও কেনা হবে। এব্যাপারে মোট ৩৮ হাজার ৯০০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।