মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ৫,৭১৩ মৃত ৭১
https://parstoday.ir/bn/news/india-i81312-মহারাষ্ট্রে_করোনায়_আক্রান্ত_পুলিশ_সদস্যের_সংখ্যা_বেড়ে_৫_৭১৩_মৃত_৭১
ভারতের মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত দু’জন কর্মকর্তাসহ ৭১ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র পুলিশে আক্রান্ত পুলিশের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭১৩। এ পর্যন্ত ৪ হাজার ৫৩১ জন পুলিশ কর্মী সুস্থ হয়েছে। বর্তমানে ১ হাজার ১১৩ জন পুলিশ কর্মীর চিকিৎসা চলছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০৯, ২০২০ ১১:০৬ Asia/Dhaka
  • কোভিড রোগীর কাগজপত্র পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা
    কোভিড রোগীর কাগজপত্র পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা

ভারতের মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত দু’জন কর্মকর্তাসহ ৭১ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র পুলিশে আক্রান্ত পুলিশের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭১৩। এ পর্যন্ত ৪ হাজার ৫৩১ জন পুলিশ কর্মী সুস্থ হয়েছে। বর্তমানে ১ হাজার ১১৩ জন পুলিশ কর্মীর চিকিৎসা চলছে।

বাণিজ্য নগরী মুম্বাইতেই সবচেয়ে বেশি ৪৩ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, ৫ হাজার ৭১৩ পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ৪ হাজার ৫৩১ জন সুস্থ এবং ৭১ জন প্রাণ হারিয়েছেন।   

পুলিশের কর্মকর্তা সূত্রে প্রকাশ, ২৫ মার্চ লকডাউন চালু হওয়ার পর থেকে নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঘটনায় ১৮৮ ধারা অনুযায়ী ১ লাখ ৫৫ হাজার ৯৮৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশি নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ৮৮ হাজার ৭৮৩ জনের গাড়ি আটক করা হয়েছে  এবং ১১.৫৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, করোনায় গোটা দেশে এ পর্যন্ত ৭ লাখ ৬৭ হাজার ২৯৬ জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ১২৯ জন। মোট আক্রান্তের মধ্যে ৪ লাখ ৭৬ হাজার ৩৭৮ জন সুস্থ হয়েছে। এরফলে দেশে বর্তমানে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৯ জন। আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৭৯ টি নয়া সংক্রমণ এবং ৪৮৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে নতুন করে লকডাউন

এদিকে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টা থেকে রাজধানী কোলকাতাসহ বিভিন্ন কন্টেইনমেন্ট জোনে ৭ দিনের জন্য নতুন করে লকডাউন চালু করা হয়েছে। এসম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষ এমপি আজ বলেন, ‘লকডাউন ছাড়া কোনও রাস্তা নেই। কিন্তু লকডাউন শুধু ঘোষণা করলে হবে না। লকডাউনকে কড়াকড়ি করতে হবে। মুখ্যমন্ত্রী প্রথম থেকে লকডাউন মানেননি, তাঁর দেখাদেখি তাঁর দলের নেতারাও মানেননি। ফলে পশ্চিমবঙ্গে লকডাউন কখনও হয়নি। বিনা পরিকল্পনায় এসব হচ্ছে।’ অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষের পাল্টা জবাবে তৃণমূলের এমপি ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি’র লোকেরাই সবচেয়ে বেশি লকডাউন ভেঙেছে। দিলীপ ঘোষদের মতো লোক নোংরা রাজনীতি ছাড়া আর কিচ্ছু করতে পারে না। লকডাউন যদি সত্যিসত্যি ওঁরা শক্তভাবে মানতো তাহলে (বিজেপিশাসিত) গুজরাট (করোনায়) এরকম পজিশনে দাঁড়িয়ে আছে কেন?’#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/এআর/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।