ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে, বেড়েছে নমুনা পরীক্ষা
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ হাজার ৩৫৮। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ, ৩৬ হাজার ৮৬১ জন।
আজ সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৯১৬ জন আক্রান্ত ও ৭৫৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৮ লাখ ৪৯ হাজার ৪৩২ জন সুস্থ হওয়ায় বর্তমানে ৪ লাখ ৫৬ হাজার ৭১ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, বিশ্বে সংক্রমণ ও মৃত্যু হার কমার মধ্যে ভারত অন্যতম একটি দেশ। তিনি বলেন, বর্তমানে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার হার ৬৩.৪৫ এবং মৃত্যু হার ২.৩ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ১ কোটি ৫৪ লক্ষ ২৮ হাজার ১৭০টি কোভিড-১৯ নমুনা পরীক্ষা হয়েছে। টেস্ট, ট্র্যাক এবং ট্রিট কৌশল গ্রহণের ফলে দেশে নমুনা পরীক্ষার হার ক্রমশ বাড়ছে। পরীক্ষাগারের সংখ্যা বৃদ্ধির ফলে নমুনা পরীক্ষার হার বৃদ্ধি পেয়েছে। প্রতি ১০ লাখে ১১ হাজার ১৭৯.৮৩ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে নমুনা পরীক্ষাগারের সংখ্যা ১ হাজার ২৯০টি। বর্তমানে সরকারি ও বেসরকারি পরীক্ষাগারগুলোতে নমুনা পরীক্ষার হার ক্রমাগত বাড়ছে। দেশে সরকারি পরীক্ষাগারের সংখ্যা এখন ৮৯৭টি এবং বেসরকারি পরীক্ষাগারের সংখ্যা ৩৯৩টি।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।