বিজেপিকে ‘উজবুকের দল’ বললেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী
https://parstoday.ir/bn/news/india-i81751-বিজেপিকে_উজবুকের_দল’_বললেন_সিপিএম_বিধায়ক_সুজন_চক্রবর্তী
ভারতের পশ্চিমবঙ্গে বামফ্রন্টের পরিষদীয় দলনেতা ও সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, ‘উজবুকরা’ যদি রাজনীতির দায়িত্ব নেয় তাহলে যা সর্বনাশ হওয়ার দেশের, সেই সর্বনাশটাই হচ্ছে। তিনি গতকাল (শনিবার) কোলকাতায় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২৬, ২০২০ ০৮:৩৬ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গে বামফ্রন্টের পরিষদীয় দলনেতা ও সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, ‘উজবুকরা’ যদি রাজনীতির দায়িত্ব নেয় তাহলে যা সর্বনাশ হওয়ার দেশের, সেই সর্বনাশটাই হচ্ছে। তিনি গতকাল (শনিবার) কোলকাতায় ওই মন্তব্য করেন।

সুজন চক্রবর্তী বিজেপি’র নাম না করে বলেন, “ওরা শুরু করেছিল ‘গোমূত্র’ নিয়ে। ‘গোমূত্র’ খেলে নাকি করোনা সেরে যাবে! হঠাৎ তারা থালা বাজাতে শুরু করল, ‘গো-করোনা গো’। ‘গো-করোনা গো’ করলে নাকি করোনা চলে যাবে!  ‘অপদার্থ’, ‘উজবুক’ কোথা থেকে এসেছে এসব? এমনি এমনি জ্যোতি বাবু (সিপিএম নেতা ও প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু) বলেননি। জ্যোতি বাবু ওদেরকে বলেছিলেন, ‘অসভ্য বর্বরের দল’। ওরা একবার বলে ‘গোমূত্র’ খেতে হবে। কেন্দ্রীয় এক মন্ত্রী বলছেন ‘ভাবিজী পাঁপড়’ খেলে করোনা সেরে যাবে! ‘ভাবিজীর পাপড়’ খেতে হবে, যেকোনো পাঁপড় খেলে হবে না। আরেকজন বলে বেড়াচ্ছেন ‘রাম মন্দির’ হলে তবে নাকি করোনা সেরে যাবে! কোথা থেকে এসেছে এসব ‘উজবুকের দল’ রাজনীতি করতে?”

সুজন বাবু বিজেপিকে টার্গেট করে বলেন, “যাদের ন্যূনতম সামাজিক, রাজনৈতিক, বিজ্ঞানসম্মত চেতনা নেই, তারা  মানুষের নেতৃত্ব দেবে! এদের পাল্লায় পড়ে মানুষের প্রাণ ওষ্ঠাগত। মনে রাখবেন, বিজেপি লকডাউন করছে তখন, যখন দেশে ৫০০ করোনার ঘটনা এবং ১০ জন মারা গেছে। এখন বাড়তে বাড়তে ১৩ লাখ সংক্রমণ। কত মারা গেছে? অজস্র, অসংখ্য এবং সরকার নির্বিকার, চুপ, অপদার্থ! লকডাউন করে ব্যর্থ, যেকোনো রকমের ব্যবস্থাপনায় আসলে ব্যর্থ। ওদের একটাই লক্ষ্য কী করে (শিল্পপতি) আদানি-আম্বানিদের স্বার্থ রক্ষা করা যায়। সেভাবেই দেশ চালাচ্ছে। একবার বলছে, ‘গোমূত্র’, একবার বলছে, ‘ভাবিজী পাঁপড়’, একবার বলছে, ‘রাম মন্দির’, একবার বলছে ‘গো করোনা গো’। উজবুকের দল রাজনীতি করতে এসেছে। এমনি এমনি জ্যোতি বাবু ওদের ‘অসভ্য, বর্বরের দল’ বলেননি; বিজেপিটা তা-ই।”

১৯৯২ সালে কয়েকশ’ বছরের পুরোনো ভারতের ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংসের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বিজেপিকে ‘অসভ্য, বর্বর’ বলেছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।