অন্ধ্র প্রদেশে করোনা হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু, মোদির শোক প্রকাশ
https://parstoday.ir/bn/news/india-i82123-অন্ধ্র_প্রদেশে_করোনা_হোটেলে_আগুন_লেগে_৯_জনের_মৃত্যু_মোদির_শোক_প্রকাশ
ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় করোনাভাইরাস চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৯, ২০২০ ০৭:২৩ Asia/Dhaka

ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় করোনাভাইরাস চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি ওই ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ কামনা করাসহ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি এসময় মুখ্যমন্ত্রীকে সব ধরণের সাহায্যের আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ (রোববার) সকালে ওই দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এসময় ২০ জনকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। তাদের অন্যত্র চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিজয়ওয়াড়ার পুলিশ কমিশনার বি শ্রীনিবাসিলু বলেন, আজ ভোর ৫ টা নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ২৫/৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ১৫/২০ জনকে উদ্ধার করে অন্য বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। এখানে প্রায় ৩০ জন করোনা রোগী ও হাসপাতালের ১০ কর্মী ছিলেন।

গত (বৃহস্পতিবার) গুজরাটের আহমেদাবাদ শহরে শ্রেয় হাসপাতাল নামে একটি কোভিড-১৯ হাসপাতালে আগুন লাগায় ৮ করোনা রোগীর মৃত্যু হয়েছিল। হাসপাতালটির আইসিইউতে আগুন ধরে গেলে ৩ নারী ও ৫ পুরুষ রোগীর মৃত্যু হয়। সেই ঘটনার জের না মিটতেই এবার আরও এক করোনা হাসপাতালে আগুন ধরে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৯