জম্মু-কাশ্মীরে সংঘর্ষে ১ সেনা ও ১ গেরিলা নিহত, অস্ত্রশস্ত্র উদ্ধার
https://parstoday.ir/bn/news/india-i82215-জম্মু_কাশ্মীরে_সংঘর্ষে_১_সেনা_ও_১_গেরিলা_নিহত_অস্ত্রশস্ত্র_উদ্ধার
জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় এক সংঘর্ষে সেনাবাহিনীর এক জওয়ান ও ১ গেরিলা নিহত হয়েছে। আজ (বুধবার) ওই বন্দুকযুদ্ধের ঘটনায় সংঘর্ষস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, কিছু গ্রেনেড ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০২০ ১৪:৫৪ Asia/Dhaka
  • নিহত সেনা জওয়ান জিলাজিৎ যাদব
    নিহত সেনা জওয়ান জিলাজিৎ যাদব

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় এক সংঘর্ষে সেনাবাহিনীর এক জওয়ান ও ১ গেরিলা নিহত হয়েছে। আজ (বুধবার) ওই বন্দুকযুদ্ধের ঘটনায় সংঘর্ষস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, কিছু গ্রেনেড ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে।

নিহত সেনা জওয়ান জিলাজিৎ যাদব (২৫) জৌনপুর জেলার জালালপুর থানা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রাষ্ট্রীয় রাইফেলসের ৫৩ ব্যাটেলিয়ানের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আজ সকালে ওই জওয়ানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর পরিবার ও নিজ গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে।    

কর্মকর্তারা বলেন, পুলওয়ামার কামরাজিপোরা গ্রামের একটি বাগানে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এসময়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিয়েছে। কর্মকর্তারা আরও বলেন, সংঘর্ষে  এক সন্ত্রাসী নিহত হয়। ওই ঘটনায় ২ জওয়ান আহত হলে তাঁদেরকে এক সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আহত এক জওয়ানের মৃত্যু হয়।

এদিকে, আজ অন্য একটি ঘটনায় অজ্ঞাত গেরিলারা সোপোরে আচমকা নিরাপত্তা বাহিনীর টহলদারি দলের উপরে হামলা চালালে এক জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। কাশ্মীর উপত্যকায় গত ১২ ঘণ্টার মধ্যে এটি ছিল দ্বিতীয় সংঘর্ষের ঘটনা। আহত ওই জওয়ানকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা জওয়ানরা গেরিলাদের বিরুদ্ধে পাল্টা জবাব দিলেও ঘটনাস্থল থেকে হামলাকারী গেরিলারা পালিয়ে যেতে সমর্থ হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানদের যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে আক্রমণকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। #

পার্সটুডে/ এমএএইচ/বাবুল আখতার /১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।