জম্মু-কাশ্মীর থেকে আধাসামরিক বাহিনীর ১০ হাজার জওয়ানকে প্রত্যহারের নির্দেশ
https://parstoday.ir/bn/news/india-i82403-জম্মু_কাশ্মীর_থেকে_আধাসামরিক_বাহিনীর_১০_হাজার_জওয়ানকে_প্রত্যহারের_নির্দেশ
ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আধাসামরিক বাহিনীর ১০ হাজার জওয়ানকে (১০০ কোম্পানি) অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। গতকাল (বুধবার) কর্মকর্তারা ওই তথ্য জানিয়েছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২০, ২০২০ ০৭:৩৫ Asia/Dhaka
  • কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনা
    কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনা

ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আধাসামরিক বাহিনীর ১০ হাজার জওয়ানকে (১০০ কোম্পানি) অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। গতকাল (বুধবার) কর্মকর্তারা ওই তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করার পরই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা প্রত্যাহারের একবছর ১৪ দিনের মাথায় কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার ওই নির্দেশ দিল। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। তার আগে কাশ্মীর উপত্যকাসহ গোটা রাজ্য কঠোর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল।

কয়েকজন সিআরপিএফ জওয়ান

কেন্দ্রীয় সরকারের নির্দেশে আরও বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা প্রত্যাহারের পরে ওই কোম্পানিগুলোকে দেশের যেসব জায়গা থেকে উপত্যকায় আনা হয়েছিল, ফের সেখানে পাঠিয়ে দিতে হবে।

জম্মু-কাশ্মীর থেকে যে ১০০ কোম্পানিকে প্রত্যাহার করে অন্যত্র সরিয়ে দিতে বলা হয়েছে, তারমধ্যে রয়েছে ৪০ কোম্পানি সিআরপিএফ এবং ২০ কোম্পানি করে সিআইএসএফ, বিএসএফ এবং এসএসবি। প্রতি কোম্পানিতে ১০০ জন করে জওয়ান থাকেন। আধাসেনা সরানোর কাজ চলতি সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার এরআগে গত ডিসেম্বরে জম্মু-কাশ্মীর থেকে ৭২ কোম্পানি আধাসামরিক বাহিনী প্রত্যাহার করেছিল। গত মে মাসে জম্মু-কাশ্মীর ও লাদাখ থেকে ১৫০০ আধাসেনাকে সরিয়ে নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এবারই সবচেয়ে বেশি সংখ্যক আধাসেনা সরানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। সিএপিএফের এক কর্মকর্তা বলেন, যে ইউনিটগুলোকে প্রত্যাহার করা হচ্ছে তারা জম্মু ও শ্রীনগরে মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।