বিহারের ভাগলপুরে আশুরার মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে পাথর নিক্ষেপের অভিযোগ
https://parstoday.ir/bn/news/india-i82631-বিহারের_ভাগলপুরে_আশুরার_মিছিলে_পুলিশের_বাধার_প্রতিবাদে_পাথর_নিক্ষেপের_অভিযোগ
ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে আশুরার তাজিয়া মিছিল বের করাকে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের নিষেধ সত্ত্বেও ওই মিছিল বের করা হয় বলে অভিযোগ। পুলিশের একটি দল এতে বাধা দিতে গেলে ইট-পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। আজ (শনিবার) হিন্দি জি নিউজ ওই তথ্য জানিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৯, ২০২০ ১২:১০ Asia/Dhaka
  • ভাগলপুরে তাজিয়া মিছিল (ফাইল ফটো)
    ভাগলপুরে তাজিয়া মিছিল (ফাইল ফটো)

ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে আশুরার তাজিয়া মিছিল বের করাকে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের নিষেধ সত্ত্বেও ওই মিছিল বের করা হয় বলে অভিযোগ। পুলিশের একটি দল এতে বাধা দিতে গেলে ইট-পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। আজ (শনিবার) হিন্দি জি নিউজ ওই তথ্য জানিয়েছে।

তাতারপুর থানা এলাকার সরাইচকের ওই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ভাগলপুরে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিয়ম পরিবর্তনের পাশাপাশি গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের নিষেধ সত্ত্বেও আশুরার মিছিল বের করা হলে ঘটনাস্থলে জেলা পুলিশের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশবাহিনী পাঠানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয় বলে অভিযোগ।

আশুরাকে কেন্দ্র করে আজ বিহারের সাসারামসহ অন্যত্র লকডাউনের জন্য তাজিয়া মিছিলের অনুমতি দেওয়া হয়নি। সর্বত্র পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়ার (রহ.) দরগাহ থেকে বেরোনো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল এবছর করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে। দরগাহ শরীফের প্রধান কাশিম নিজামি বলেন, ভারত-পাকিস্তানের বিভাজনের সময় ১৯৪৭ সালেও দরগাহ থেকে তাজিয়া মিছিলে নিষেধাজ্ঞা ছিল না। ৭০০ বছরের বেশি সময় ধরে দরগাহ থেকে অল্প দূরে ইমামবাড়ায় সবচেয়ে বড় ফুলের তাজিয়া রাখা হয়। এবং এখান থেকে মাতম জুলুস বের হয়। কিন্তু এবছর করোনা সংক্রমণের ফলে এসবে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

এদিকে, মধ্য প্রদেশের উমরিয়ায় করোনা পরিস্থিতির মধ্যে আশুরার মিছিলের এক ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশ আয়োজকদের বিরুদ্ধে এফআইআর করেছে বলে আজ নবভারত টাইমস জানিয়েছে। আশুরা কমিটির সদস্যরা অবশ্য মিছিল বের করার কথা অস্বীকার করেছেন। মিছিলের এক ভিডিও ভাইরাল হওয়ার পরে উগ্র হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল কালেক্টর ও পুলিশের এসপি’র কাছে অভিযোগ জানায়। এরপরেই পুলিশ মাঠে নেমে আয়োজকদের বিরুদ্ধে এফআইআর করে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।