ভারতে করোনাভাইরাসে একদিনে আক্রান্তের রেকর্ড ৯৭,৮৯৪, মৃত ১,১৩২
https://parstoday.ir/bn/news/india-i83142-ভারতে_করোনাভাইরাসে_একদিনে_আক্রান্তের_রেকর্ড_৯৭_৮৯৪_মৃত_১_১৩২
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৭ হাজার ৮৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড। এরআগে গত ১১ সেপ্টেম্বর রেকর্ড ৯৭ হাজার ৫৭০ জন আক্রান্ত হয়েছিলেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২০ ১২:০৫ Asia/Dhaka
  • ভারতে করোনাভাইরাসে একদিনে আক্রান্তের রেকর্ড ৯৭,৮৯৪, মৃত ১,১৩২

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৭ হাজার ৮৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড। এরআগে গত ১১ সেপ্টেম্বর রেকর্ড ৯৭ হাজার ৫৭০ জন আক্রান্ত হয়েছিলেন।

এদিকে, ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল করোনা আক্রান্ত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তথ্য জানিয়েছেন।

গতকাল (বুধবার) কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গদকড়ি করোনা আক্রান্ত  হয়েছেন। এরআগে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, শ্রীপদ নায়েক, সুরেশ অঙ্গরি করোনা আক্রান্ত হন।    

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (বুধবার) সকাল ৮ টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১,১৩২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশে গত ২ সেপ্টেম্বর থেকে একনাগাড়ে দৈনিক এক হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে।

ভারতে এপর্যন্ত মোট ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৮৩ হাজার ১৯৮ জন করোনা রোগী। এ পর্যন্ত ৪০ লাখ ২৫ হাজার ৭৯ জন সুস্থ হওয়ায় বর্তমানে ১০ লাখ ৯ হাজার ৯৭৬ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই ভারতের মহারাষ্ট্র রাজ্য শীর্ষে রয়েছে। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ২১ হাজার ২২১। দ্বিতীয়স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ৭৬০। তামিলনাড়ুতে মোট ৫ লাখ ১৯ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। চতুর্থস্থানে থাকা কর্নাটকে মোট ৪ লাখ ৮৪ হাজার ৯৯০ জন আক্রান্ত হয়েছেন। উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ২৬৫ জনে পৌঁছেছে। রাজধানী দিল্লিতে ২ লাখ ৩০ হাজার ২৬৯ জন আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে এই সংখ্যা ২ লাখ ১২ হাজার ৩৮৩। বিহার, তেলেঙ্গানা ও উড়িষ্যার প্রত্যেকটিতে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।