উত্তর প্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি, গ্রেফতার
https://parstoday.ir/bn/news/india-i83518-উত্তর_প্রদেশে_কংগ্রেস_নেতা_রাহুল_গান্ধীর_সঙ্গে_পুলিশের_ধাক্কাধাক্কি_গ্রেফতার
ভারতের বিজেপিশাসিত উত্তরপ্রদেশের হাথরসে নিহত এক তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপিকে পুলিশ গ্রেফতার করেছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর প্রদেশ পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের সিনিয়র নেতাদের গ্রেফতার করেছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ০১, ২০২০ ১৯:০৭ Asia/Dhaka
  • উত্তর প্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি, গ্রেফতার

ভারতের বিজেপিশাসিত উত্তরপ্রদেশের হাথরসে নিহত এক তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপিকে পুলিশ গ্রেফতার করেছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর প্রদেশ পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের সিনিয়র নেতাদের গ্রেফতার করেছে।

আজ (বৃহস্পতিবার) কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীসহ এক প্রতিনিধিদল ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্য রওয়ানা হন। কিন্তু মাঝপথেই বিশাল পুলিশবাহিনী তাঁদের আটকে দেয়। এসময়ে কংগ্রেস সমর্থক ও পুলিশের মধ্যে কার্যত হাতাহাতি হয়। কংগ্রেসের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করলে তাঁদের কয়েকজন আহত হয়েছেন।

আজ পুলিশের প্রবল বাধার মুখে ও ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান রাহুল গান্ধী। এসময়ে পুলিশের সঙ্গে রাহুল গান্ধীর ব্যাপক তর্কাতর্কি শুরু হয়। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা রাহুল গান্ধীকে বলেন, ‘আপনি ১৪৪ ধারা ভঙ্গ করছেন।’ পাল্টা জবাবে রাহুল বলেন, ‘ আপনারা ১৪৪ ধারার অপব্যবহার করছেন।’

রাহুল বলেন, আমি একা এখান থেকে হেঁটে হাথরসে যেতে চাই। কীসের ভিত্তিতে আপনি আমাকে গ্রেফতার করছেন বলুন। কোন ধারায় গ্রেফতার করছেন? কোন আইন অমান্য করেছি আমাকে বলুন।’

পরে কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘হাথরসে যেতে বাধা দেওয়া হয়েছে। রাহুলজির সঙ্গে আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম কিন্তু বারবার আমাদের বাধা দেওয়া হয়েছে। বর্বরভাবে লাঠিচার্জ করা হয়েছে। এরফলে কয়েকজন কর্মী আহত হয়েছেন। আমাদের উদ্দেশ্য নিশ্চিত। এক অহংকারী সরকারের লাঠি আমাদের থামাতে পারবে না।’

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা আজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেন, ‘নিজেকে ‘যোগী’  বলে অভিহিত করা অজয় বিস্ট ভারতের হিন্দু রীতিনীতি আগ্রাহ্য করেছেন। বিধিবিধানের বিপরীতে (নির্যাতিতা তরুণীর) সূর্যাস্তের পরে শেষকৃত্য করা হয়েছিল। এই হত্যাকাণ্ড আমাদের সভ্যতা, সংস্কৃতি এবং ধর্মের। ‘গেরুয়া’ চোলা পরিধান করলেই কেউ ধর্মের ঠিকাদার হয়ে যান না বলেও তিনি কটাক্ষ করেন।   

উত্তর প্রদেশের হাথরসে সম্প্রতি গণধর্ষণ ও নির্মম অত্যাচারে এক দলিত তরুণীর মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যেই দেশের একাধিক জায়গায় হাথরসের ঘটনাকে কেন্দ্র করে অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ-প্রতিবাদে নেমেছে বিভিন্ন বিরোধী দল ও সামাজিক সংগঠন।

হাথরসের জেলা প্রশাসকের পক্ষ থেকে আগেই জেলার সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা কার্যকর করা হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তা চলবে। জেলাশাসক পি লস্কর বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার সীমানা ‘সিল’ করে দেওয়া হয়েছে এবং এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।# 

পার্সটুডে/ এমএএইচ/ বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।