করোনাভাইরাস : ভারতে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ, একদিনে আক্রান্ত প্রায় ৪৬ হাজার
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৭৬ লাখে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে প্রকাশ এ পর্যন্ত মোট ৭৫ লাখ ৯৭ হাজার ৬৩ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ১৯৭ জন।
গতকাল (সোমবার) সকাল ৮ টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৭৯০ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। গত তিন মাসের মধ্যে একদিনে আক্রান্তের সংখ্যার নিরিখে এটিই সবচেয়ে কম আক্রান্তের ঘটনা। এরআগে গত ২৩ জুলাই আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজার ৭২০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৮৭ জন করোনা রোগী।
সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ৬৭ লাখ ৩৩ হাজার ৩২৮ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে ৭ লাখ ৪৮ হাজার ৫৩৮ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
গতকাল (সোমবার) ১০ লাখ ৩২ হাজার ৭৯৫ জনকে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। ওইদিন পর্যন্ত দেশে এ পর্যন্ত মোট ৯ কোটি ৬১ লাখ ১৬ হাজার ৭৭১ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমানে সক্রিয় করোনা রোগীর হার ৯.৮৫ শতাংশ। সংক্রমণ মুক্ত বা সুস্থতার হার ৮৮.৬৩ শতাংশ। মৃত্যু হার ১.৫২ শতাংশ।
এদিকে, করোনা পরিস্থিতিতে আসন্ন শারদোৎসবের আয়োজনকে কেন্দ্র করে এক জনস্বার্থ মামলার রায়ের প্রেক্ষিতে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে দর্শকদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কোলকাতা হাইকোর্ট। গতকাল (সোমবার) আদালত জানিয়েছে, ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার এবং বড় মন্ডপের ক্ষেত্রে ১০ মিটার দূরত্ব পর্যন্ত ব্যারিকেড দিতে হবে। ‘নো এন্ট্রি’ ঘোষণা করতে হবে সেই ব্যারিকেড করা অংশ থেকে। মণ্ডপে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। পুজোর প্রয়োজনে যাদের ঢুকতে হবে, মণ্ডপের বাইরে তাঁদের নামের তালিকা টাঙিয়ে রাখতে হবে। ১৫ থেকে ২৫ জনের বেশি মণ্ডপে ঢুকতে পারবে না- ইত্যাদি।
চিকিৎসকদের আশঙ্কা ভিড় নিয়ন্ত্রণ না করা গেলে পুজোর পরে করোনার সংক্রমণ বাড়বে।
অন্যদিকে, ওই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে আজ (মঙ্গলবার) কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ফোরাম ফর দুর্গোৎসব কমিটি। আগামীকাল, বুধবার ওই মামলার শুনানি হতে পারে। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাওয়ার কথা ভাবছেন দুর্গোৎসব কমিটি। আজ সকাল ১১টা নাগাদ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।