ভারতে করোনায় আক্রান্ত আরও ৫০ হাজার, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৫৭ চিকিৎসকের মৃত্যু
https://parstoday.ir/bn/news/india-i84131-ভারতে_করোনায়_আক্রান্ত_আরও_৫০_হাজার_পশ্চিমবঙ্গে_এ_পর্যন্ত_৫৭_চিকিৎসকের_মৃত্যু
ভারতে একদিনে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল (শনিবার) সকাল ৮ টা থেকে আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত ৫০ হাজার ১২৯ টি নয়া সংক্রমণ এবং ৫৭৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২৫, ২০২০ ০৮:৫৫ Asia/Dhaka
  • ভারতে করোনায় আক্রান্ত আরও ৫০ হাজার, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৫৭ চিকিৎসকের মৃত্যু

ভারতে একদিনে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল (শনিবার) সকাল ৮ টা থেকে আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত ৫০ হাজার ১২৯ টি নয়া সংক্রমণ এবং ৫৭৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত কমপক্ষে ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই তালিকায় স্বাস্থ্য দফতরের কর্মকর্তা থেকে অন্য চিকিৎসকরাও রয়েছেন। সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি তরুণ চিকিৎসকরাও কোভিড-১৯-এর শিকার হয়েছেন।

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স-এর সাধারণ সম্পাদক ডা. মানস গুমটা বলেন, ‘আমরা ক্লান্ত, অবসন্ন। ইতোমধ্যে কোভিড আক্রান্ত হয়ে কমপক্ষে ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে ক্রমশ স্বাস্থ্য কর্মীর সংখ্যা কমে যাচ্ছে।’

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট ৭৮ লাখ ৬৪ হাজার ৮১১ জন করোনা আক্রান্ত এবং ১ লাখ ১৮ হাজার ৫৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৭০ লাখ ৭৮ হাজার ১২৩ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে ৬ লাখ ৬৮ হাজার ১৫৪ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

এ পর্যন্ত ১০ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৪৫৯ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল (শনিবার) ১১ লাখ ৪০ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮.৫০ শতাংশ। সংক্রমণ মুক্ত বা সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ৯০ শতাংশ। মৃত্যু হার ১.৫১ শতাংশে দাঁড়িয়ে আছে।

অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৮ জন  সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৫৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গে এ নিয়ে মোট আক্রান্তের ৩ লাখ ৪৫ হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৩ লাখ ২ হাজার ৩৪০ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪২৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।