জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে করা আবেদেনের দ্রুত শুনানি দাবি
জম্মু-কাশ্মীর থেকে সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনের বিষয়ে দ্রুত শুনানির দাবি জানানো হয়েছে। আজ (মঙ্গলবার)এনডিটিভি’র হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
সুপ্রিম কোর্টে এ ব্যাপারে অ্যাডভোকেট শাকির শাবির আবেদন জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, ৩৭০ ধারা অপসারণের পরে, কেন্দ্রীয় সরকার অন্য আইনী প্রক্রিয়াও এগিয়ে নিয়ে যাচ্ছে। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার জমি ইস্যুতে আইনী পরিবর্তন করেছে, যা অবৈধ। এ কারণে জম্মু ও কাশ্মীরের মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছে।
প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্ট গত ২ মার্চ তার আদেশে বলেছিল যে ওই বিষয়ে শুনানি পাঁচ বিচারকের সমন্বিত বেঞ্চে হবে। সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চ মামলাটি সাত বিচারকের বেঞ্চে প্রেরণের দাবি প্রত্যাখ্যান করেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি এনভি রমনা, বিচারপতি সঞ্জয় কিশান কৌল, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি সূর্যকান্তের সংবিধানিক বেঞ্চ রায় দিয়েছিল জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা অপসারণের সাংবিধানিক বৈধতা ইস্যুতে আবেদনের শুনানির জন্য বড় বেঞ্চে পাঠানো হবে না। বেঞ্চ বলেছিল, বিষয়টি সাত বিচারকের সমন্বিত বেঞ্চে পাঠানোর প্রয়োজন নেই।
কয়েকটি আবেদনে জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইন ২০১৯-এর সাংবিধানিক বৈধতাকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে, যেখানে রাজ্যটিকে জম্মু-কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা অপসারণেরর কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচেনার আবেদন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার।
জম্মু-কাশ্মীরে সম্প্রতি ৩৭০ ধারা ফেরানোর দাবিতে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ঘোষণা করেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি সম্প্রতি ৩৭০ ধারা পুনর্বহালের দাবিতে ফের আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন। জম্মু-কাশ্মীরের সংবিধান, পতাকা ও বিশেষ মর্যাদা ফিরিয়ে না দেওয়া হলে তিনিও জাতীয় পতাকা উত্তোলন করবেন না বলেও মন্তব্য করেন।
মেহেবুবার ওই মন্তব্যে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘সংবিধানের ৩৭০ ধারা ফিরিয়ে দেওয়া তো দূরঅস্ত, জাতীয় পতাকা নিয়ে মেহবুবার মন্তব্যও অত্যন্ত অবমাননাকর।’ সাংবিধানিকে রীতি মেনেই ওই ধারা বাতিল করা হয়েছে বলেও রবিশঙ্করের দাবি।
কেন্দ্রীয় আইনমন্ত্রীর পাল্টা জবাবে তাকে কটাক্ষ করে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আব্দুল্লাহ বলেন, ‘প্রিয় রবিশঙ্কর প্রসাদজী, আপনি ৩৭০ ধারা পুনর্বহাল করবেন এমন আশা আমরা করি না। এটাও আশা করি না যে, আপনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের পরামর্শ দেবেন। দেশের শীর্ষ আদালতের স্বাধীনতায় আঘাত করবেন। সিদ্ধান্ত নেবেন বিচারপতিরাই।আপনি তাঁদের উপরে আপনার বক্তব্য চাপিয়ে দিতে পারেন না।’
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা বহাল করার জন্য ন্যাশনাল কনফারেন্স, পিডিপিসহ সাতদলীয় জোট ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’ (পিএজিডি) গঠন করেছেন। এর সভাপতি নির্বাচিত হয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ। সহ-সভাপতি হয়েছেন মেহেবুবা মুফতি।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।