জম্মু-কাশ্মীরে ৩৭০ ও ৩৫-এ ধারা ফেরানোর দাবিতে ফের সোচ্চার মেহেবুবা
https://parstoday.ir/bn/news/india-i84434-জম্মু_কাশ্মীরে_৩৭০_ও_৩৫_এ_ধারা_ফেরানোর_দাবিতে_ফের_সোচ্চার_মেহেবুবা
জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা পুনর্বহালের দাবিতে ফের সোচ্চার হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি। মেহেবুবা বর্তমানে জম্মু সফরে রয়েছেন। আগেও তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একাধিকবার ৩৭০ ও ৩৫-এ ধারা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৬, ২০২০ ১৪:২৩ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে ৩৭০ ও ৩৫-এ ধারা ফেরানোর দাবিতে ফের সোচ্চার মেহেবুবা

জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা পুনর্বহালের দাবিতে ফের সোচ্চার হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি। মেহেবুবা বর্তমানে জম্মু সফরে রয়েছেন। আগেও তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একাধিকবার ৩৭০ ও ৩৫-এ ধারা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

আজ (শুক্রবার) ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশ,  আজ জম্মুতে দলীয় কার্যালয়ে পিডিপি কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মেহেবুবা বলেন, ভারতের সংবিধান আমাদের আলাদা পতাকা দিয়েছে এবং আমরা এটি ফিরিয়ে আনতে চাই। কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে মেহেবুবা বলেন, ডাকাতি করার মতো রাতারাতি আমাদের কাছ থেকে আমাদের বিশেষ রাজ্যের মর্যাদা (৩৭০ ধারা) ছিনিয়ে নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫-এ ধারা প্রত্যাহার করে নেওয়ায় সেখানকার সমস্ত বিরোধীদলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও আপত্তি জানানো হয়েছে।    

মেহেবুবা মুফতি বলেন, (৩৭০ ধারা প্রত্যাহারে) ‘সংসদের অপব্যবহার করা হয়েছিল কিন্তু আমি তাদের বলতে চাই যে ৩৭০ ধারা এবং ৩৫-এ ধারা পুনর্বহাল করতে হবে, কারণ চুরি হওয়া মাল হজম হয় না। তাদেরকে সূদসহ ৩৭০ এবং ৩৫-এ ধারা ফিরিয়ে দিতে হবে।’

মেহেবুবা পিডিপি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, এমন একদিন আসবে যখন তারা কেবল ৩৭০ ধারা এবং ৩৫-এ ফিরিয়ে দেবে না, বরং হাতজোড় করে বলবে আপনারা আর কী চান। তখন ওনাদেরকে আমাদের এরচেয়েও বেশি দিতে হবে।’

‘ভারত এখন সংবিধান অনুযায়ী নয় বিজেপির এজেন্ডা অনুসারে চলছে। বিজেপি দেশে হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব নির্মূল করার কাজ করেছে’ বলেও মেহেবুবা মুফতি মন্তব্য করেন।  

৩৭০ ও ৩৫-এ ধারা পুনর্বহালের দাবিতে আগামীকাল ৭ নভেম্বর জম্মুতে ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’ ‘পিএজিডি’র সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। জম্মুতে সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহর বাসায় ওই সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় যোগ দিতে মেহেবুবা বর্তমানে জম্মু সফরে আছেন।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৬