জম্মু-কাশ্মীরে পরিস্থিতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সফর, মেহেবুবার প্রতিক্রিয়া
ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল আজ (বুধবার)দু'দিনের সফরে জম্মু-কাশ্মীরে পৌঁছেছেন। ২০ সদস্যের প্রতিনিধি দলটি ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা অপসারণের পরে সেখানকার পরিস্থিতি মূল্যায়ন করবেন। বলা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং জেলা উন্নয়ন পর্ষদের (ডিডিসি) নবনির্বাচিত সদস্য, কিছু বিশিষ্ট নাগরিক এবং প্রশাসনিক সচিবদের সাথেও বৈঠক করবেন।
বিদেশী প্রতিনিধি দলের কাশ্মীর সফরের প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি আজ বলেন, এ জাতীয় সফর হয়ে থাকে। প্রতিনিধিদল আসা-যাওয়া করবেন, কিন্তু এখানকার পরিস্থিতি ঠিক নেই। জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা, তাদের কার্যক্রম সীমাবদ্ধ করার যে মনোভাব কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে, এটি সম্পূর্ণ অন্যায় এবং অগণতান্ত্রিক।
মেহেবুবা আজ কুপওয়াড়ার হান্ডওয়াড়া এলাকায় এক সভায় বক্তব্য রাখেন। বর্তমানে তিনি কাশ্মীর উপত্যকার সীমান্ত জেলায় দু'দিনের সফরে রয়েছেন। হান্দওয়াড়া সফরের সময়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মেহেবুবা বলেন, প্রতিনিধিরা আসবেন এবং যাবেন কিন্তু জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ভালো নেই। কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি এবং জম্মু-কাশ্মীরে বিদেশী প্রতিনিধিদলের সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে মেহেবুবা বলেন, প্রতিনিধিদল আসতে থাকেন কিন্তু এখানকার পরিস্থিতি মোটেই ভালো নয়। মেহবুবা বলেন, কাশ্মীরে রাজনৈতিক দলগুলোর নেতাদের কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে। বিদেশী কূটনীতিকরা এখানে কাশ্মীরের পরিস্থিতি জানতে এসেছেন এবং এখানকার নেতাদের গৃহবন্দী করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় সরকার যা দাবি করছে, বাস্তবে আদৌ তার সঙ্গে কোনও মিল আছে কি না তা খতিয়ে দেখার জন্যই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের এই সফর। সূত্রের খবর, ওই প্রতিনিধি দলটি সেখানকার জেলা উন্নয়ন পর্ষদের নতুন সদস্যদের সঙ্গেও কথা বলবেন। সম্প্রতি জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন হয়েছে। ওই নির্বাচনের বিষয়টি সামনে রেখেই গণতন্ত্রের উপরে সেখানকার মানুষের আস্থার বিষয়টি প্রতিনিধি দলের সামনে তুল ধরার চেষ্টা করা হবে বলে খবর। এর পাশাপাশি, এটাও বোঝানোর চেষ্টা হবে যে, অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কেউ হস্তক্ষেপ করুক এটা ভারত চাচ্ছে না।#
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।