‘দিদি’ ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন : মোদি
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, ‘দিদি’ ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) খড়গপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় ৫০/৫৫ বছর ধরে উন্নয়ন বন্ধ হয়ে আছে। কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল উন্নয়ন বন্ধ করে রেখেছে। দিদি ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন। বাংলায় দিদি ভোটারদের অধিকার কেড়ে নিয়েছেন। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে মানুষের অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। কিন্তু এবার দিদিকে গণতন্ত্র হত্যা করতে দেবো না। পুলিশ প্রশাসনকে বুঝতে হবে গণতন্ত্রের থেকে কিছু বড় নয়। আপনারা এবার আশ্বস্ত থাকুন, এবার নির্ভয়ে ভোট দিন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘দিদি বলছেন ‘খেলা হবে’, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে, এবার উন্নয়ন শুরু হবে। দিদির কাছে হিসাব চাইলে, শুনতে পান না। আমফানের হিসাব চাইলে দিদি রেগে যান। প্রতিবাদ করলেই জেলে ভরে দেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে প্রণয়ন করতে দিচ্ছেন না দিদি।’
তিনি বলেন, দিদি বাংলার যুবকদের ১০ বছর ছিনিয়ে নিয়েছে। দিদির পার্টি হচ্ছে নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালাতে সিলেবাস হল তোলাবাজি-সিন্ডিকেট-কাটমানি। আমাদের দেশে বহু বছর বাদে নতুন শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে। গোটা দেশে এর প্রশংসা করা হয়েছে। এখানে স্থানীয় ভাষায় পড়াশুনার উপরে জোর দেওয়া হয়েছে। কিন্তু দিদির সরকার নয়াশিক্ষানীতির বিরোধিতা করছে।’ ওনার লাখ লাখ যুবকদের কেরিয়ার নিয়ে কোনও চিন্তা নেই বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।