ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ: একদিনেই ১ লাখেরও বেশি সংক্রমণ 
https://parstoday.ir/bn/news/india-i89638-ভারতে_করোনাভাইরাসের_দ্বিতীয়_ঢেউ_একদিনেই_১_লাখেরও_বেশি_সংক্রমণ
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে একদিনে ১ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হওয়ায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৫, ২০২১ ০৯:৩৯ Asia/Dhaka

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে একদিনে ১ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হওয়ায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। একইসময়ে ৪৭৮ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। দেশে একদিনে এত মানুষ এরআগে আক্রান্ত হননি।

গতবছর ১৭  সেপ্টেম্বর দেশের দৈনিক সংক্রমণ ছিল ৯৭ হাজার ৮৯৪। এরপর থেকে সংক্রমণের সংখ্যা কমতে শুরু করে। একসময়ে কমতে কমতে তা ১০ হাজারের নীচে নেমেছিল। কিন্তু এর কিছুদিনের মধ্যেই দেশে আছড়ে পড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। যার ফলে দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা এবার ১ লাখেরও বেশি ছাড়িয়ে গেল। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, আজ সকাল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭। করোনায় মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ১০১ জন। বর্তমানে ৭ লাখ ৪১ হাজার ৮৩০ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৮২ হাজার ১৩৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

দেশে ১১০ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ। এবার ৪৩১ দিনে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে।  

দেশের যেসব রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তারমধ্যে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫৭ হাজার ৭৪ জন সংক্রমিত হয়েছেন। এছাড়া কর্ণাটকে ৪ হাজার ৫৫৩, কেরালাতে ২ হাজার ৮০২, অন্ধ্র প্রদেশে ১ হাজার ৭৩০ তামিলনাড়ুতে ৩ হাজার ৫৮১, দিল্লিতে ৪ হাজার ৩৩, উত্তর প্রদেশে ৪ হাজার ১৩৬, ছত্তিসগড়ে ৫ হাজার ২৫০, পশ্চিমবঙ্গে ১ হাজার ৯৫৭ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়া অন্যান্য রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।#        

পার্সটুডে/এমএএইচ/এআর/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।