ভারতে ফের একদিনে ১ লাখের বেশি করোনাভাইরাসের নয়া সংক্রমণ, বাড়ছে উদ্বেগ
https://parstoday.ir/bn/news/india-i89742-ভারতে_ফের_একদিনে_১_লাখের_বেশি_করোনাভাইরাসের_নয়া_সংক্রমণ_বাড়ছে_উদ্বেগ
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। একদিনে ফের ১ লাখের বেশি করোনাভাইরাসের নয়া সংক্রমণের ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬৩০ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৭, ২০২১ ১৩:২৫ Asia/Dhaka
  • ভারতে ফের একদিনে ১ লাখের বেশি করোনাভাইরাসের নয়া সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। একদিনে ফের ১ লাখের বেশি করোনাভাইরাসের নয়া সংক্রমণের ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬৩০ জন।

গত (সোমবার) করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৫৫৮। করোনায় মারা গিয়েছিলেন ৪৭৮ জন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় বলেন, ‘এই মুহূর্তে আমাদের সকলের আগ্রাধিকার করোনার বিরুদ্ধে লড়াই। সংক্রমণ প্রতিরোধে সবধরণের সতর্কতাবিধি মেনে চলুন। মাস্ক পরুন,  নিয়মিত হাত পরিষ্কার রাখুন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন।’ একইসময়ে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ থাকতে সম্ভাব্য সমস্ত উপায় অবলম্বনের বার্তা দেন তিনি। 

এদিকে, আজ সরকারি সূত্রে প্রকাশ, নয়া সংক্রমণের ফলে দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৮ লাখ ১ হাজার ৭৮৫।  মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৬ হাজার ১৭৭। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৯২ হাজার ১৩৫। বর্তমানে সক্রিয় ৮ লাখ ৪৩ হাজার ৪৭৩ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। 

ভারতে ১ লাখ করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছতে ১১০ দিন সময় লেগেছিল। এবার ৪৩৩ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লাখ ছাড়াল।   

করোনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের কমিটির চেয়ারম্যান  ও নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ডাঃ বিনোদকুমার পল মঙ্গলবার  জানান, ‘দ্রুতগতিতে দ্বিতীয় ঢেউয়ের দিকে এগিয়ে চলেছে  করোনার সংক্রমণ। গত বছর করোনার প্রথম ঢেউ এসেছিল ৭৬ দিনে। কিন্তু এবার অনেক কম সময়েই তা দ্বিতীয় ঢেউয়ে পৌঁছে যাচ্ছে। এটি অত্যন্ত চিন্তার বিষয়। দেশে অতিমারি পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। সংক্রমণ আরও বাড়ছে। জনসংখ্যার বড় অংশের এখনও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’ তিনি বলেন, ‘সময়ের সাথে সাথে অতিমারীর তীব্রতা বাড়ছে। দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে।’ 

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, আপাত লক্ষ্য হল মৃত্যুহার কমানো। যাদের সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি, তাদের সুরক্ষিত রাখতে টিকাকরণের জন্য বর্তমানে ৪৫ বছরের ঊর্ধ্বে বয়সসীমা রাখা হয়েছে।#   

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।