জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামালায় পুলিশ জওয়ানসহ নিহত ৪
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামালায় ২ পুলিশ জওয়ানসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ বেসামরিক ব্যক্তি রয়েছেন।
আজ (শনিবার) ওই হামলার ঘটনায় ৩ জওয়ান ও ২ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশের আইজি বিজয় কুমার ওই হামলার নেপথ্যে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার হাত রয়েছে বলে মন্তব্য করেছেন। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে আরামপোরা এলাকায় টহল আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং পুলিশের একটি যৌথবাহিনী টহল দিচ্ছিল। এ সময়ে আচমকা সেখানে যৌথবাহিনীকে টার্গেট করে গুলি চালাতে শুরু করে অজ্ঞাত গেরিলারা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। উভয়পক্ষের গুলির লড়াইয়ে ২ পুলিশ জওয়ানসহ চার জনের মৃত্যু হয়েছে। হামলাকারীদের সন্ধানে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।
পুলিশের মহানির্দেশক দিলবাগ সিং সোপোর হামলার ঘটনা সম্পর্কে বলেন, ওই হামলায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন পুলিশ সদস্য এবং ২ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। হামলায় এক উপ-পরিদর্শকসহ ৩ পুলিশ সদস্য আহতও হয়েছেন।
গণমাধ্যম সূত্রে প্রকাশ, নিহত পুলিশ সদস্যরা হলেন শওকত আহমদ, কনস্টেবল ওয়াসিম আহমদ এছাড়া মুকেশ কুমার নামে আহত এক জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগরে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ড্যানিস নামে পুলিশের এক ‘এসপিও’ আহত হয়েছেন। নিহত বেসামরিক ব্যক্তিরা হলেন মনজুর আহমদ ও বশির আহমদ। তাঁরা সোপোরের শালিমার কলোনি ও মহারাজপোরার বাসিন্দা ছিলেন।
ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের সাবেকমুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। সরকারকে অবশ্যই এ ধরণের নির্মম প্রাণহানি বন্ধ নিশ্চিত করতে হবে বলেও ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।
সংলাপের পক্ষে সাফাই দিয়ে পিডিপি সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি বলেন, বন্দুক কোনও সমস্যা সমাধান করতে পারে না এবং কেবল সংলাপই কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তি বয়ে আনতে পারে। তিনি বলেন, ‘আমরা এ ধরণের হামলার নিন্দা করি। এই হামলাগুলো জম্মু-কাশ্মীরের সমস্যা সমাধান করতে পারে না।’
এছাড়া পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, আপনি পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মাদ আলতাফ বুখারী ও অন্য নেতৃবৃন্দ ওই হামলার নিন্দা করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।