প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের জন্য আরও ভ্যাকসিনের দাবি জানালেন মমতা
https://parstoday.ir/bn/news/india-i95128-প্রধানমন্ত্রীর_সঙ্গে_বৈঠকে_পশ্চিমবঙ্গের_জন্য_আরও_ভ্যাকসিনের_দাবি_জানালেন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে রাজ্যের জন্য আরও করোনা ভ্যাকসিনের দাবি জানিয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উভয়ের মধ্যে ওই বৈঠক হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৭, ২০২১ ১৪:৪৫ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে রাজ্যের জন্য আরও করোনা ভ্যাকসিনের দাবি জানিয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উভয়ের মধ্যে ওই বৈঠক হয়।

এদিকে, মমতার দিল্লি সফরের সময়ে প্রধান বিরোধীদল কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীর পাশাপাশি বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময়ে বিজেপি বিরোধী জোট গড়ার উদ্দেশ্যেই বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা। গতকাল (সোমবার) বিকেলে ৪ দিনের জন্য দিল্লি সফরের গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।      

আজ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। রাজ্যে বিধানসভা নির্বাচনে  জয়ের পর এই সাক্ষাৎ করতেই হতো। সেজন্য এসেছি। কিন্তু এর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেছি। রাজ্যে ভ্যাকসিন সরবরাহ বাড়াতে বলেছি।  রাজ্য যথেষ্ট ভ্যাকসিনের জোগান পাচ্ছে না।’  

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেক রাজ্যের থেকে কম ভ্যাকসিন পেয়েছে বাংলা। পশ্চিমবঙ্গের জনসংখ্যার নিরিখে এই সরবরাহ যথেষ্ট নয়। আমাদের টিকাকরণের হার ভাল। ইতোমধ্যে সংক্রমণ ৩৩ শতাংশ থেকে কমে ১ শতাংশে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমরা চাই করোনার তৃতীয় ঢেউ আসার আগে পশ্চিমবঙ্গের প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ করতে। প্রধানমন্ত্রীকে সে কথা জানিয়েছি। তিনি বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন।’ 

মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার নাম পরিবর্তন নিয়েও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। বহুদিন ধরে বিষয়টি পড়ে আছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছি। প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।’ #

পার্সটুডে/এমএএইচ/ মো.আবুসাঈদ /২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।