আফগান পরিস্থিতি সম্পর্কে মোদি ও জয়শঙ্করের নীরবতা রহস্যময়: কংগ্রেস মহাসচিব
https://parstoday.ir/bn/news/india-i96052-আফগান_পরিস্থিতি_সম্পর্কে_মোদি_ও_জয়শঙ্করের_নীরবতা_রহস্যময়_কংগ্রেস_মহাসচিব
আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ‘রহস্যময় নীরবতা’ ভেঙে প্রতিবেশী দেশটি সম্পর্কে তাদের পরবর্তী কৌশল কী- তা দেশকে জানানো উচিত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৭, ২০২১ ০৭:১১ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি এবং এস জয়শঙ্কর
    নরেন্দ্র মোদি এবং এস জয়শঙ্কর

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ‘রহস্যময় নীরবতা’ ভেঙে প্রতিবেশী দেশটি সম্পর্কে তাদের পরবর্তী কৌশল কী- তা দেশকে জানানো উচিত।

কংগ্রেসের মহাসচিব ও প্রধান মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বলেছেন, কংগ্রেস নরেন্দ্র মোদি সরকারের কাছ থেকে একটি পরিপক্ক কৌশলগত এবং কূটনৈতিক প্রতিক্রিয়া আশা করছে। রণদীপ সিং সূর্যেওয়ালা সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক মোড় নিয়েছে! আফগানিস্তানে ভারতের কৌশলগত স্বার্থ ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের কূটনীতিক এবং নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। কংগ্রেস দেশের স্বার্থ রক্ষাকারী প্রতিটি পদক্ষেপের পাশে আছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘যখন আফগানিস্তান সরকার চলে গেছে এবং তালেবানরা ক্ষমতা দখল করে নিয়েছে তখন আমরা ভারত সরকারের কাছ থেকে একটি পরিপক্ক রাজনৈতিক, কৌশলগত এবং কূটনৈতিক প্রতিক্রিয়া প্রত্যাশা করি।’

তিনি অভিযোগ করেন, ‘এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদিজী এবং তাঁর সরকারের নীরবতা উদ্বেগজনক, এটি রহস্যজনকও।’

কংগ্রেসের মহাসচিব রণদীপ সিং সূর্যেওয়ালা

কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সূর্যেওয়ালা আরও দাবি করেন, ‘মোদি সরকার আমাদের কূটনীতিক এবং নাগরিকদের ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা করছে না, এটি সরকারের দায়িত্বহীনতার একটি উজ্জ্বল উদাহরণ। এ ধরনের শিথিলতা মেনে নেওয়া যায় না।’

তাঁর দাবি, অনেক সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের সহায়তায় ভারতবিরোধী কার্যক্রম চালায়, এমতাবস্থায় মোদি সরকারের 'নীরবতা' উদ্বেগজনক! রণদীপ সিং সূর্যেওয়ালা বলেন, ‘প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর এগিয়ে আসা উচিত এবং দেশকে বলা উচিত কীভাবে আমাদের কূটনীতিক এবং নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা হবে এবং আফগানিস্তানের জন্য আমাদের পরবর্তী কৌশল কী হবে?’

‘সময়ের প্রয়োজন হল যে মোদি সরকার জেগে উঠে আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের রক্ষা করুক এবং দেশকে বলুক যে তার আশেপাশের বিপজ্জনক পরিস্থিতি কীভাবে মোকাবেলা করবে’ বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রধান মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।