উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর ক্ষোভ
তালেবানের সমর্থনে বিবৃতি: সমাজবাদী পার্টির এমপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
-
ডা. শফিকুর রহমান বার্ক
ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বার্কের বিরুদ্ধে তালেবানের সমর্থনে বিবৃতি দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি সম্ভল সদর কোতোয়ালিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ১২৪-এ, ২৯৫-এ ধারায় নথিভুক্ত করা হয়েছে।
উত্তর প্রদেশের সম্ভলের সমাজবাদী পার্টির (সপা) ডা. শফিকুর রহমান বার্ক এমপি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তালেবানরা তাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করছে এবং আফগান জনগণ তাদের নেতৃত্বে স্বাধীনতা চায়।
বার্তা সংস্থা এএনআই -এর সঙ্গে কথোপকথনে শফিকুর রহমান বার্ক তালেবানদের সমর্থনে বলেন, 'ভারত যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন আমাদের দেশ স্বাধীনতার জন্য লড়াই করেছিল। এখন তালেবানরা তাদের দেশকে স্বাধীন করে চালাতে চায়। তালেবান হচ্ছে সেই শক্তি যা রাশিয়া ও আমেরিকার মতো শক্তিশালী দেশগুলোকে তাদের দেশে বসতি স্থাপন করতে দেয়নি।'
সমাজবাদী পার্টির (সপা) এমপি আরও বলেন, এটি তালেবানের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, 'আফগানিস্তানের স্বাধীনতা তাদের ব্যক্তিগত বিষয়, আমেরিকা কেন আফগানিস্তানকে শাসন করবে? তালেবান সেখানে একটি শক্তি এবং আফগান জনগণ তাদের নেতৃত্বে স্বাধীনতা চায়।’

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য, ওই বক্তব্যের জন্য সমাজবাদী পার্টির এমপি শফিকুর রহমান বার্ককে টার্গেট করে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সমাজবাদী পার্টির নেতাদের মধ্যে কোনও পার্থক্য নেই। কেশব প্রসাদ মৌর্য বলেন, 'সমাজবাদী পার্টি যা কিছু বলতে পারে। যদি সমাজবাদী পার্টির এমন বক্তব্য তালেবান সম্পর্কে আসে, তাহলে ইমরান খান এবং সমাজবাদী পার্টির মধ্যে পার্থক্য কী?’
গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পরে তালেবানরা রাষ্ট্রপতি ভবন দখল করেছে। যেখানে কাবুলের রাস্তায় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। একইসময়ে, তালেবানদের শাহী রাষ্ট্রপতি ভবনে খাওয়া-দাওয়ার পর খুশি উদযাপন ও বিশ্রাম করতে দেখা গেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।