জম্মু-কাশ্মীর
৩৭০ ধারা প্রত্যাহার ইস্যুতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদন করলেন ইউসুফ তারিগামি
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিআই (এম)-এর সিনিয়র নেতা মুহাম্মদ ইউসুফ তারিগামি। তিনি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল (শুক্রবার) সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন এবং ওই বিষয়ে দ্রুত শুনানির জন্য আদালতের কাছে দাবি জানিয়েছেন। গত দু’বছর ধরে এ সংক্রান্ত বেশকিছু মামলা শীর্ষ আদালতে ঝুলে রয়েছে।
মুহাম্মদ ইউসুফ তারিগামি তাঁর আবেদনে ২০১৯ সালের ৫ আগস্টে কেন্দ্রীয় সরকারের আদেশকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন, যার অধীনে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের আদেশ দেওয়া হয়েছিল।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আসন পুনর্বিন্যাসের জন্য কমিশন গঠন করেছে যাতে বিধানসভা নির্বাচনের আগে সীমানা চিহ্নিত করা যায়। জম্মু ও কাশ্মীর ডেভেলপমেন্ট অ্যাক্টে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে বলা হয়েছে, যেকোনো ব্যক্তি, এমনকি সে এখানে স্থায়ী বাসিন্দা না হলেও, এখানে চাষযোগ্য জমি ছাড়া অন্য জমি কিনতে পারে। এ ছাড়া জম্মু-কাশ্মীর রাজ্য মহিলা কমিশন, জম্মু-কাশ্মীর উপভোক্তা সুরক্ষা কমিশন, জম্মু-কাশ্মীর মানবাধিকার কমিশন বাতিল করা হয়েছে। এ সব সিদ্ধান্ত পরে আর পরিবর্তন করা যাবে না। মামলার দ্রুত শুনানি না হলে মামলাকারীদের প্রতি আদালত অবিচার করবে।
হিন্দি গণমাধ্যম ‘হিন্দুস্তান’ জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের এসব সিদ্ধান্তের বিষয়ে উল্লেখ করে সিপিআই(এম) নেতা মুহাম্মাদ ইউসুফ তারিগামী বলেন, এই সমস্ত সিদ্ধান্ত অসাংবিধানিক। আদালতকে বিষয়টি দ্রুত শোনার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, যদি বিষয়টির দ্রুত শুনানি না হয় তাহলে আবেদনকারীর প্রতি অবিচার করা হবে।
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে তারিগামি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে যাচ্ছেন। ভারতের সংবিধানে আমাদের জন্য যে অধিকারগুলো নির্ধারিত ছিল তা কেন্দ্রীয় সরকার কেড়ে নিয়েছে বলে সিপিআইএম নেতা ইউসুফ তারিগামি আগেই মন্তব্য করেছেন।#
পার্সটুডে/ এমএএইচ/ বাবুল আখতার/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।