জম্মু-কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে ৬ দিনে ২ কর্মকর্তাসহ নিহত ৯ সেনা জওয়ান
https://parstoday.ir/bn/news/india-i98746-জম্মু_কাশ্মীরে_ভয়াবহ_সংঘর্ষে_৬_দিনে_২_কর্মকর্তাসহ_নিহত_৯_সেনা_জওয়ান
জম্মু-কাশ্মীরে ৬ দিনে দু’জন কর্মকর্তাসহ ৯ সেনা জওয়ান নিহত হয়েছেন। পুঞ্চে গত ১১ অক্টোবর থেকে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০২১ ১৫:২৮ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে ৬ দিনে ২ কর্মকর্তাসহ নিহত ৯ সেনা জওয়ান

জম্মু-কাশ্মীরে ৬ দিনে দু’জন কর্মকর্তাসহ ৯ সেনা জওয়ান নিহত হয়েছেন। পুঞ্চে গত ১১ অক্টোবর থেকে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।

১১ অক্টোবর প্রথমদিনের সংঘর্ষে এক কর্মকর্তাসহ ৫ সেনা জওয়ান নিহত হন। ১৪ অক্টোবর ফের ২ সেনা জওয়ানের মৃত্যু হয়। গতকাল ১৬ অক্টোবর (শনিবার) সংশ্লিষ্ট এলাকা থেকে এক কর্মকর্তাসহ দু’জন সেনা সদস্যের লাশ উদ্ধার হয়েছে। শনিবার ৪৮ ঘণ্টা বাদে নিখোঁজ ওই দুই জওয়ানের লাশ উদ্ধার হয়। এরফলে নিহত সেনা জওয়ানের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে।   

হিন্দি গণমাধ্যম ‘লোকমত নিউজ’, ‘দৈনিক জাগরণ’ ও ‘এবিপি লাইভ ডটকম’ জানিয়েছে সন্ত্রাসীদের নির্মূলের জন্য প্যারা কমান্ডো, ফাইটার হেলিকপ্টার এবং স্নিফার ডগের সাহায্য নেওয়া হচ্ছে।

রাজৌরি-পুঞ্চ রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক বিবেক গুপ্তা বলেন, ‘পুঞ্চ এবং রাজৌরির সংযোগকারী বনাঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি আড়াই মাস আগে লক্ষ্য করা গিয়েছিল এবং তাদের সন্ধানের জন্য একটি কৌশলগত অভিযান চালানো হয়েছিল, কিন্তু এলাকার ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে সময় লাগছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলতি সপ্তাহে তিনবার সন্ত্রাসীদের সঙ্গে এনকাউন্টার হয়েছে। 

গণমাধ্যমে প্রকাশ, সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনী প্যারা কমান্ডো মোতায়েন করেছে এবং শনিবার একটি হেলিকপ্টারকেও নজরদারির জন্য বনভূমি এলাকা প্রদক্ষিণ করতে দেখা যায়। কর্মকর্তারা বলেন, ‘তল্লাশি অভিযানের কারণে জম্মু-রাজৌরি মহাসড়কে মেন্ধর এবং থানামান্ডির মধ্যে যান চলাচল রবিবার তৃতীয় দিনে বন্ধ রয়েছে।’   

চলতি বছরের জুন থেকে রাজৌরি এবং পুঞ্চ এলাকায় অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাম্প্রতিক পৃথক পৃথক সংঘর্ষে ৯ গেরিলার মৃত্যু হয়েছে। গেরিলাদের নির্মূল করতে প্রায় ১০ হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে বলে ‘লোকমত নিউজ’ জানিয়েছে। যদিও সংশ্লিষ্ট বনাঞ্চলে ঠিক কতজন গেরিলা ঘাঁটি গেঁড়ে আছে তা এখনও স্পষ্ট নয়।#     

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।