আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে: আবু তোরাবিফার্দ
-
খতিব
ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের দ্বিমুখী আচরণ তাদের আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছে।
সম্প্রতি সৌদি আরবে একদিনে ৮১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে পশ্চিমাদের নীরবতার সমালোচনা করে তিনি আজ জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
১২ মার্চ যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে ৪১ জনই হচ্ছেন সৌদি আরবের শিয়া মুসলমান অধ্যুষিত কাতিফের বাসিন্দা। এসব তরুণকে নানা অজুহাতে গ্রেপ্তারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ইরানের প্রভাবশালী আলেম আবু তোরাবিফার্দ আরও বলেন, পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে মানবাধিকার ইস্যুতে দ্বিমুখী আচরণ করছে। মৃত্যুদণ্ডের ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেছেন। পশ্চিমারা যদি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে এই অপরাধের পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে আসতেন না। মানবাধিকার ইস্যুতে তাদের এই আচরণ তাদের পতনেরই সূচনা।
সৌদি আরবের সাম্প্রতিক পদক্ষেপকে জাহিলিয়াতের যুগের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এগুলো মানবাধিকারের ন্যূনতম নীতিমালার পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, যাদের হাত নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে তাদের জেনে রাখা উচিত এই নৃশংসতা সৌদি শাসকদের বিরুদ্ধে মুসলিম জাতিকে আরও ক্ষুব্ধ করে তুলবে।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।