মার্কিন সমুদ্র ড্রোনের তৎপরতায় উদ্বেগ
আন্তর্জাতিক জলপথকে অনিরাপদ করবেন না: আমেরিকাকে ইরান
-
মার্কিন সমুদ্র ড্রোন
আন্তর্জাতিক জলপথকে অনিরাপদ না করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (সোমবার) বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের পথগুলোকে ঝুঁকিপূর্ণ করে তোলার অধিকার বিশ্বের কোনো দেশের নেই।
তিনি বলেন, আমেরিকার সমুদ্র ড্রোনগুলো যেসব তৎপরতা চালিয়েছে তা ছিল উসকানিমূলক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ অবস্থায় ইরান ঝুঁকি নস্যাতের পদক্ষেপ নেয় এবং ড্রোনগুলোকে আটক করে এরপর নিরাপদ স্থানে ছেড়ে দেয়।
কয়েক দিন আগে ইরানের নৌবাহিনী লোহিত সাগরে দু'টি মার্কিন সমুদ্র ড্রোন আটক করার পর সেগুলোকে নিরাপদ স্থানে ছেড়ে দেয়।
ইরানের নৌবাহিনী বলেছে, আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুট নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো ধরনের নৌ সংঘর্ষ এড়াতে মার্কিন সমুদ্র ড্রোনগুলো আটক করা হয়। এই বাহিনীর ‘জামারান’ ডেস্ট্রয়ার লোহিত সাগরে নিয়মিত টহল দেয়ার সময় আমেরিকার একাধিক ‘গোয়েন্দা ড্রোনের’ মুখোমুখি হয়। এ সময় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ইরানি ডেস্ট্রয়ার থেকে ওই মানুষবিহীন সমুদ্র ড্রোন পরিচালনাকারী মার্কিন কর্তৃপক্ষকে তাদের ড্রোনের গতিপথ পরিবর্তন করার আহ্বান জানানো হয়।
মার্কিন কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে ইরান ওই দুই সমুদ্র ড্রোন আটক করে অন্যত্র একটি নিরাপদ এলাকায় ছেড়ে দেয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।