ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন আমির-আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i115106-ইউক্রেনের_পররাষ্ট্রমন্ত্রীর_সঙ্গে_কথা_বললেন_আমির_আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আবারও কঠোর ভাষায় ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহের পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছেন।তিনি বলেছেন, পৃথিবীর অন্য যেকোনো যুদ্ধের মতো ইউক্রেনে চলমান যুদ্ধের ঘোর বিরোধী ইরান।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ২৯, ২০২২ ০৬:৫৩ Asia/Dhaka
  • ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আবারও কঠোর ভাষায় ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহের পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছেন।তিনি বলেছেন, পৃথিবীর অন্য যেকোনো যুদ্ধের মতো ইউক্রেনে চলমান যুদ্ধের ঘোর বিরোধী ইরান।

তিনি শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন। আমির-আব্দুল্লাহিয়ানের পক্ষ থেকে করা ওই ফোনকলে তিনি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধে যে অভিজ্ঞতা অর্জন করেছে তাতে তার পক্ষে ইয়েমেন বা ইউক্রেন যুদ্ধকে সমর্থন করা সম্ভব নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের আগে থেকে ভালো সম্পর্ক ছিল এবং দেশটির সঙ্গে আমাদের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিদ্যমান। কিন্তু ইউক্রেন যুদ্ধের ব্যাপার আমাদের নীতি উভয় দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা, কোনো পক্ষকে সমরাস্ত্র সরবরাহ না করা এবং যুদ্ধ বন্ধ করে মানুষের জানমাল রক্ষা করতে সহযোগিতা করা।

ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে একটি কমব্যাট ড্রোন

তিনি আরো স্পষ্ট করে বলেন, ইরানের পররাষ্ট্রনীতি পানির মতো স্বচ্ছ এবং এতে যেকোনো যুদ্ধের বিরোধিতা করা হয়েছে।

ইউক্রেনে ব্যবহার করার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ প্রথম উত্থাপন করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি গত জুলাই মাসে এক বক্তৃতায় দাবি করেন, ইরান রাশিয়ার কাছে কয়েকশ’ কমব্যাট ড্রোন সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে।এরপর ইউক্রেন সরকারের পাশাপাশি আরো কিছু পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে একই অভিযাগ করে। কিন্তু রাশিয়া ও ইরান কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।