অবরুদ্ধ মানবিজ শহর: আটকা পড়েছে হাজারো মানুষ
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ নিয়ন্ত্রিত সিরিয়ার মানবিজ শহরে আটকা পড়েছে হাজার হাজার বেসামরিক মানুষ। গতকাল (শুক্রবার) কুর্দি ও আরব যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ শহরটি ঘেরাও করেছে।
মানবিজ শহর ঘেরাওয়ের পর এসডিএফ যোদ্ধারা দায়েশের প্রধান সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। এটি দায়েশের কথিত রাজধানী রাকা ও তুরস্কের মধ্যে সংযোগ স্থাপন করেছিল।
তুরস্ক সীমান্তে সন্ত্রাসীরা এখনো যেসব এলাকা নিয়ন্ত্রণ করছে তার তারমধ্যে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে মানবিজ। এটি ছিল দায়েশ সন্ত্রাসীদের জন্য তুরস্ক থেকে রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ রুট। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান আজ (শনিবার) বলেছেন, হাজার হাজার মানুষ মানবিজ শহরের ভেতরে আটকা পড়েছে যারা বের হতে পারছে না এবং শহরের রুটির দোকানগুলো গতকাল থেকে খোলা হচ্ছে না। খাদ্য এখন ওই শহরে দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে।
গত ৩১ মে থেকে এসডিএফ যোদ্ধারা অভিযান শুরুর পর এ পর্যন্ত ১৬০ দায়েশ সন্ত্রাসী, ২২ এসডিএফ যোদ্ধা এবং ৩৭ জন বেসামরিক নাগরিক মারা গেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১