'ইরান আলজেরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী'
https://parstoday.ir/bn/news/iran-i125310-'ইরান_আলজেরিয়ার_সঙ্গে_অর্থনৈতিক_সম্পর্ক_জোরদারে_আগ্রহী'
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ আলজেরিয়ার সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে চায়। দু’দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলেও তিনি মন্তব্য করেছেন।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জুলাই ০৯, ২০২৩ ০৬:৫৫ Asia/Dhaka
  • 'ইরান আলজেরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী'

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ আলজেরিয়ার সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে চায়। দু’দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলেও তিনি মন্তব্য করেছেন।

ইরান সফররত আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ গতকাল (শনিবার) প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তিনি বলেন, এই দুই মুসলিম ও ভ্রাতৃপ্রতীম দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে পারে।

এ সময় ইরানের প্রেসিডেন্ট আলজেরিয়ার জনগণের বিপ্লবের ইতিহাস স্মরণ করেন এবং উনিবেশবাদী শক্তির বিরুদ্ধে আলজেরিয়ার লড়াইয়ের ভুয়সী প্রশংসা করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জানিয়ে তিনি বলেন, তেহরান এসব সাফল্য আলজেরিয়ার সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট বিশ্বের সবগুলো মুসলিম দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে বিশ্বের কোনো শক্তি কোনো মুসলিম দেশের বিরুদ্ধে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।

সাক্ষাতে আহমেদ আত্তাফ বলেন, আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেব্বুন তাকে ইরানের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার দায়িত্ব দিয়েছেন। মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে নীতি ইরান গ্রহণ  করেছে তাকে সাধুবাদ জানিয়ে আত্তাফ বলেন, ইরান ও আলজেরিয়ার মধ্যে যে রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে তার চেয়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় দু’দেশ অনেক পিছিয়ে রয়েছে। তিনি এই দুই ক্ষেত্রে সমন্বয় ঘটানোর আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।