প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসা করলেন কানয়ানি
জেনিনে অপমানজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে ইসরাইল: ইরান
জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের দু’দিনব্যাপী অভিযানের সময় ইস্পাতদৃঢ় প্রতিরোধ গড়ে তোলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভুয়সী প্রশংসা করেছে ইরান। তেহরান বলেছে, এই যুদ্ধে দখলদার ইসরাইল একটি অপমানজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (রোববার) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনারা যে ধ্বংসযজ্ঞ রেখে এসেছে তা এই অবৈধ সরকারের সমর্থকদের জন্য লজ্জাজনক নৈতিক পরাজয় বয়ে এনেছে।
কানয়ানির টুইটার বার্তায় বলা হয়েছে, “জেনিন শরণার্থী শিবিরে সাম্প্রতিক পাশবিক হামলায় একটি নয়া ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন হয়েছে অপরাধী ইসরাইল সরকারের যুদ্ধ মেশিন। এর পাশাপাশি এই সরকারের সমর্থকদের জন্য আরো বড় পরাজয় অপেক্ষা করছে।”
কানয়ানির টুইটার বার্তায় আরো বলা হয়েছে, জেনিন শিবিরে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ রেখে আসা হয়েছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ। তিনি এই ধ্বংসযজ্ঞ বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এর ফলে ইসরাইলের সমর্থক মানবাধিকারের কথিত ধারক বাহকরা আরো বেশি অপমানিত হবে।
সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলি সেনারা জেনিন শরণার্থী শিবিরে হানা দিয়ে ১২ ফিলিস্তিনিকে হত্যা করে। এ সময় অপর ১০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হন। হামলার সময় একজন ইসরাইলি সেনা নিহত হলে ৪৪ ঘণ্টার অভিযান বন্ধ করে তেল আবিব।#
পার্সটুডে/এমএমআই/এমআরএইচ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।