‘জাতি ঐক্যবদ্ধ থাকলে শত্রু কিছু করতে পারবে না’
শত্রুরা ইরানের বিরুদ্ধে পূর্ণ-মাত্রার হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে: আইআরজিসি
-
সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুরা তার দেশের বিরুদ্ধে পূর্ণ-মাত্রার হাইব্রিড যুদ্ধ শুরু করেছে যা শুধুমাত্র গোটা জাতির সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে মোকাবিলা করা সম্ভব।
তিনি গতকাল (সোমবার) তেহরানে একটি সামরিক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সতর্কবাণী উচ্চারণ করেন। আমেরিকা ও সুনির্দিষ্ট কয়েকটি ইউরোপীয় দেশ বিগত বছরগুলোতে ইরানের বিরুদ্ধে যেসব হাইব্রিড যুদ্ধ চালিয়েছে সেগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেন জেনারেল সালামি।
তিনি বলেন, শত্রুরা তাদের হাতে থাকা সকল শক্তি অর্থাৎ গণমাধ্যম, যোগাযোগ ব্যবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, গোয়েন্দা ও মনস্তাত্ত্বিক সরঞ্জাম ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ইরানি জাতির বিরুদ্ধে যে হাইব্রিড যুদ্ধ চালানো হচ্ছে তাকে একটি পূর্ণ-মাত্রার যুদ্ধ বলা যায় কারণ, এতে অতীতের সমস্ত যুদ্ধের কলাকৌশল একসঙ্গে প্রয়োগ করা হয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরান বিগত চার দশকেরও বেশি সময় ধরে জনগণের সহযোগিতায় বহু জটিল সমস্যা ও কঠিন সময় পার করে এসেছে বলে জেনারেল সালামি উল্লেখ করেন। তিনি বলেন, গোটা জাতি ঐক্যবদ্ধ থাকলে নতুন ধরনের এই যুদ্ধেও শত্রুর বিরুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।