'টেকসই প্রতিরোধ’ সক্ষমতা অর্জন করায়
'শত্রুরা এখন আর ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার কথা বলে না'
-
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, শত্রুরা বিগত বছরগুলোতে তার দেশের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার কথা উচ্চারণ করেনি। এ থেকে প্রমাণ হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান ‘টেকসই প্রতিরোধ’ সক্ষমতা অর্জন করেছে।
তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে বলেন, “শত্রু বেশ কয়েক বছর ধরে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার কথা বলা বন্ধ করে দিয়েছে।”
জেনারেল বাকেরি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরাইলসহ অন্যান্য শত্রু একথা উপলব্ধি করতে পেরেছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করলে তাদের জন্য পরাজয় ও ধ্বংস ছাড়া আর কিছু বয়ে আসবে না। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেন, তার দেশ মধ্যপ্রাচ্যে শত্রু সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, ইরানে সামরিক হামলা চালালে শত্রুর জন্য তা হবে ‘বড় ধরনের আত্মহত্যা’। এ কারণে আমেরিকা সরাসরি যুদ্ধে না গিয়ে ইরানের বিরুদ্ধে প্রক্সি হামলা শুরু করেছে। জেনারেল সালামি বলেন, শত্রুর বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে ইরান।#
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।