আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন
আঞ্চলিক দেশগুলোর স্বার্থে শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করতে হবে: ইরান
-
ইরান সফররত আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরাফাত মির্জায়িয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ককেশাস অঞ্চলে সর্বাত্মক ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রতি তেহরানের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি এ অঞ্চলের যেকোনো ইস্যুতে বহিঃশক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ইরান সফররত আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরাফাত মির্জায়িয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের এ অবস্থান ঘোষণা করেন পররাষ্ট্রমন্ত্রী।
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার শান্তি আলোচনার প্রতি তেহরানের সমর্থন ঘোষণা করে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা শক্তিশালী হলে আঞ্চলিক দেশগুলোর সম্মিলিত স্বার্থ রক্ষিত হবে।
ককেশাস অঞ্চলের নাগরনো-কারাবাখ ভূখণ্ড নিয়ে বিরোধের জের ধরে ২০২০ সালের অক্টোবরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। রাশিয়ার মধ্যস্থতায় দু’দেশের মধ্যে আলোচনা শেষে ২০২০ সালেরই নভেম্বর মাসে একটি শান্তি চুক্তি সই হয়।
ওই যুদ্ধ শেষ হওয়ার পর চলতি মাসের গোড়ার দিকে জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে প্রথমবারের মতো বৈঠকে বসেন আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা। দু’টি দেশের মধ্যে যাতে আবার বিরোধ না বাধে সেজন্য ইরান, রাশিয়া ও তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।