যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় করতে পূর্বশর্ত নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i126590-যুক্তরাষ্ট্রের_সঙ্গে_বন্দি_বিনিময়_করতে_পূর্বশর্ত_নেই_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অন্য যেকোনো দেশের সঙ্গে বন্দি বিনিময়কে তেহরান মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে। কাজেই এক্ষেত্রে ইরান কোনো পূর্বশর্ত আরোপে বিশ্বাসী নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০২৩ ০৬:১৮ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় করতে পূর্বশর্ত নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অন্য যেকোনো দেশের সঙ্গে বন্দি বিনিময়কে তেহরান মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে। কাজেই এক্ষেত্রে ইরান কোনো পূর্বশর্ত আরোপে বিশ্বাসী নয়।

তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে ব্রিকস বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, গত কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে ওমান ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে বার্তা বিনিময় করছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বন্দি বিনিময়কে মানবিক বিষয় মনে করি এবং এজন্য কোনো পূর্বশর্ত আরোপ করি না। আমরা মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছি, আগে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আমরা বন্দি বিনিময় করে যাবো।”

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কয়েক বছর আগে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার সময়  দু’দেশের হাতে আটক বন্দিদের পরস্পরের সঙ্গে বিনিময় করতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি সই হয়েছিল।ওই চুক্তি অনুযায়ী এ পর্যন্ত আমেরিকা ও ইরান বেশ কয়েকজন বন্দিকে আদান-প্রদান করেছে।

ইরান ঘোষণা করেছে, পরমাণু সমঝোতা বাস্তবায়িত হোক বা না হোক, বন্দি বিনিময় চুক্তি মেনে চলতে তেহরানের আপত্তি নেই।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।