নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট
আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইরানের দাঙ্গা উস্কে দিয়েছিল: রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার দেশে গত বছরের দাঙ্গায় উস্কানি দেয়ার জন্য আমেরিকা ও কয়েকটি ইউরোপীয় দেশের তীব্র সমালোচনা করেছেন।
২০২২ সালের দাঙ্গার বিভিন্ন দিক তদন্ত করে দেখার জন্য গঠিত কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ সমালোচনা করেন।
রায়িসি বলেন, আমেরিকা, কিছু ইউরোপীয় দেশ এবং তাদের এদেশীয় দোসররা ইরানি জাতিকে বিভ্রান্ত করেছে। তারা দাঙ্গা বাধিয়ে দিয়ে ইরানি জনগণের শান্তি, নিরাপত্তা ও ব্যবসা-বাণিজ্যকে টার্গেট করেছে। কিন্তু আমাদের জনগণ অবিচল থেকে শত্রুদের সে ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে।
প্রেসিডেন্ট রায়িসি নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে বলেন, তদন্তের সময় একজন মানুষের সঙ্গেও যেন অবিচার করা না হয়।তিনি বলেন, সত্যিকার অর্থে দাঙ্গার সময় যা কিছু ঘটেছিল তথ্য-প্রমাণ হাতে পাওয়া সাপেক্ষে সে সংক্রান্ত প্রতিবেদন তৈরি করতে হবে। দাঙ্গার সময় নানাভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্যও প্রেসিডেন্ট রায়িসি নির্দেশ দেন।
ইরানে গত সেপ্টেম্বর মাসে হিজাব আইন অমান্যকারী ২২ বছর বয়সি এক কুর্দি নারী পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। এ অবস্থায় পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে দাবি করে দেশব্যাপী বিক্ষোভ ও সহিংসতা ছাড়িয়ে দেয়া হয়।
এরপর ময়না তদন্তে বেরিয়ে আসে, মাহসা আমিনি নামের ওই নারী শিশুকালের এক ক্রনিক অসুখের কারণে মারা গেছেন নির্যাতনের কারণে নয়।কিন্তু তা সত্ত্বেও টানা প্রায় তিনমাস ইরানে সহিংসতা চলে এবং এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।#
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।