জানিয়েছে তাসনিম নিউজ
দক্ষিণ কোরিয়ায় আটক ইরানি অর্থ ছাড়ে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে
দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির অর্থ অবমুক্ত করতে আগামী চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। সম্প্রতি ইরান এবং আমেরিকার মধ্যে বন্দী বিনিময়ের যে চুক্তি হয়েছে তার আওতায় আমেরিকা এই অর্থ অবমুক্ত করে দেবে।
দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের ৬০০ কোটি ডলার ছাড় করার জন্য যে পথ পদ্ধতি অনুসরণ করা হবে সে সম্পর্কে গতকাল (বুধবার) বিস্তারিত জানিয়েছে তাসনিম নিউজ। ২০১৮ সালে আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর দক্ষিণ কোরিয়ার দুটি ব্যাংকে তেহরানের এই বিপুল পরিমাণ অর্থ আটকে পড়ে।
তাসনিম নিউজের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার ওই দুই ব্যাংক থেকে স্থানীয় মুদ্রায় সিউলে অবস্থিত সুইচ ব্যাংকের একটি শাখায় হস্তান্তর করা হবে। পরে সেই অর্থ ইউরোতে কনভার্ট করা হবে। তবে প্রতি সপ্তাহে ৫০০ মিলিয়নের বেশি ওন হস্তান্তর করা যাবে না বলে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।
সুইস ব্যাংকে এই অর্থ হস্তান্তর করার পর তা জার্মানির একটি ব্যাংকে পাঠানো হবে এবং সেখান থেকে কাতারের দুটি অজ্ঞাত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরো অর্থ হস্তান্তর করা হবে।
তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের ৬টি বেসরকারি ব্যাংক কাতারের দুটি ব্যাংকে এই অর্থ গ্রহণ করার জন্য অ্যাকাউন্ট খুলেছে।
সম্প্রতি ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় পাঁচ জন বন্দী মুক্তি পাবে এবং ইরানের ৬০০ কোটি ডলার অবমুক্ত হবে।#
পার্সটুডে/এসআইবি/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।