আমেরিকার সাথে পরোক্ষ আলোচনা একটি ভালো সূচনা ছিল: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i156794-আমেরিকার_সাথে_পরোক্ষ_আলোচনা_একটি_ভালো_সূচনা_ছিল_আরাকচি
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানে আমেরিকার সাথে পরোক্ষ পারমাণবিক আলোচনাকে ভালো বলে বর্ণনা করেছেন।
(last modified 2026-02-07T12:14:58+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২৬ ১৫:০৬ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ হুইটকফ (ডানে), ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ হুইটকফ (ডানে), ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানে আমেরিকার সাথে পরোক্ষ পারমাণবিক আলোচনাকে ভালো বলে বর্ণনা করেছেন।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি শুক্রবার মাস্কাটে ওমানের মধ্যস্থতায় আমেরিকার সাথে পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষ হওয়ার পর এই আলোচনার ফলাফল বর্ণনা করে বলেছেন: আলোচনাগুলো একটি ভালো সূচনা ছিল, তবে তাদের ধারাবাহিকতা রাজধানীগুলোতে পরামর্শ এবং পথ চালিয়ে যাওয়ার উপায় সম্পর্কে সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আরাকচি আরও বলেন: আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে প্রায় একমত হয়েছিলেন। এরকম সিদ্ধান্তও নেওয়া হয়েছিল যে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে; তবে আলোচনার সময়, পদ্ধতি ও তারিখ পরবর্তী পরামর্শে এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বুসাইদির মাধ্যমে নির্ধারণ করা হবে।

সাইয়্যেদ আব্বাস আরাকচি মাস্কাটে সাংবাদিকদের বলেন: আজ আমাদের দীর্ঘ এবং নিবিড় আলোচনা হয়েছে। অবশ্যই পরোক্ষভাবে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর বু সায়িদি কঠোর পরিশ্রম করেছেন। আতিথেয়তার  পাশাপাশি উভয় পক্ষের আলোচনা এবং বার্তা একে অপরের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যাপক শ্রম দিয়েছেন। ইরানি কূটনৈতিক বিভাগের প্রধান বলেছেন: আমাদের উদ্বেগগুলো জানানো হয়েছে এবং আমাদের স্বার্থ, ইরানি জনগণের অধিকার এবং যেসব বিষয় বলা দরকার ছিল তা খুব ভালো পরিবেশে জানানো হয়েছে। তিনি বলেন: একইসাথে আমার মতো অন্য পক্ষের মতামতও শোনা হয়েছে।

আলোচনার ক্ষেত্রে আমেরিকার ওপর ইরানের অবিশ্বাস একটি গুরুতর চ্যালেঞ্জ

সাইয়্যেদ আব্বাস আরাকচি আরও বলেন: আমরা এখন এমন এক পর্যায়ে আছি যেখানে আটটি অস্থিরতাময় মাস শেষে, আমরা একটি যুদ্ধ পেরিয়ে এসেছি, এবং আমাদেরকে প্রথমে অবিশ্বাসের এই বিদ্যমান পরিবেশ কাটিয়ে উঠতে হবে। তারপর একটি নতুন সংলাপের কাঠামো তৈরি করতে সক্ষম হতে হবে যা ইরানি জনগণের স্বার্থ সুরক্ষিত করতে পারে।"

যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ কেবল পারমাণবিক ইস্যু নিয়ে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-মার্কিন সংলাপের বিষয়বস্তু সম্পূর্ণরূপে পরমাণু বিষয়ের মধ্যে সীমিত বলে উল্লেখ করে বলেন: আজ আমরা স্পষ্টভাবে বলেছি যে, যে-কোনো সংলাপের জন্য হুমকি এবং চাপ থেকে বিরত থাকা আবশ্যক।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর বিন হামাদ আল-বুসাইদের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার একটি নতুন দফা শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, মাস্কাটে অনুষ্ঠিত হয়। ওই আলোচনায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারও উপস্থিত ছিলেন।

এদিকে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি মাস্কাটে ইরান-মার্কিন আলোচনার আয়োজনের কথা উল্লেখ করে বলেছেন: উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। এক্স সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া একটি পোস্টে, বাকায়ি লিখেছেন: "পক্ষগুলো তাদের মতামত এবং দাবি ব্যাখ্যা করার সময়, রাজধানীগুলোর সাথে পরামর্শ করে পরবর্তী দফার আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে সম্মত হয়েছে।#

পার্সটুডে/এনএম/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।