ইরানের নৌ-কমান্ডার আলীরেজা তাংসিরির শাহাদাত, প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির
https://parstoday.ir/bn/news/iran-i158116-ইরানের_নৌ_কমান্ডার_আলীরেজা_তাংসিরির_শাহাদাত_প্রতিশোধের_অঙ্গীকার_আইআরজিসির
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি শাহাদাত বরণ করেছেন।
(last modified 2026-04-01T02:54:24+00:00 )
মার্চ ৩০, ২০২৬ ১৩:৪৮ Asia/Dhaka
  • শহীদ আলীরেজা তাংসিরি
    শহীদ আলীরেজা তাংসিরি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি শাহাদাত বরণ করেছেন।

আইআরজিসি’র বিবৃতির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা আজ (সোমবার) জানিয়েছে, আলীরেজা তাংসিরি শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো ধ্বংস এবং একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর, বাহিনী পুনর্গঠন ও দ্বীপ-উপকূলের প্রতিরক্ষা শক্তিশালী করার সময় শত্রুদের আঘাতে গুরুতর আহত হন এবং পরে শাহাদাত বরণ করেন।

বিবৃতিতে বলা হয়েছে, “ইরানি জাতি এ ধরনের শাহাদাতের সঙ্গে পরিচিত। তারা জানে, যে ফ্রন্ট ইমাম খোমেনি ও আয়াতুল্লাহ খামেনেয়ীর মতো মহান নেতা ও ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের বিদায়ের পরও এক মুহূর্ত থেমে যায়নি, বরং আরও শক্তিশালী হয়েছে—সেই ফ্রন্ট শহীদ কমান্ডারদের বিদায়ের পরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে। যেমন সাম্প্রতিক দিনে নৌবাহিনীর যোদ্ধারা এই সাহসী কমান্ডারের অনুপস্থিতিতেও দৃঢ় নেতৃত্ব ও শক্তিশালী আঘাতের মাধ্যমে হরমুজ প্রণালীর ময়দানে এই বাস্তবতা প্রমাণ করেছেন।”

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইরানি বাহিনী অতীতে সীমিত অস্ত্র দিয়ে সুপারপাওয়ারদের তেলবাহী জাহাজের এসকর্ট অপারেশন ভেঙে দিয়েছে, কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করেছে এবং মার্কিন ও ব্রিটিশ সৈন্যদের বন্দি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি নৌবাহিনীর যোদ্ধাই এক একজন তাংসিরি, এবং সামনে আসা দিনগুলোতে তারা আরও বিস্ময়কর ঘটনা সৃষ্টি করবে।

শহীদ কমান্ডারের শাহাদাতকে শ্রদ্ধা জানিয়ে আইআরজিসি বলেছে,  “এই সাহসী ও দেশপ্রেমিক সৈনিকের শাহাদাত, যিনি রাইস আলী দেলওয়ারি’র বীরত্বগাথা আবার স্মরণ করিয়ে দিয়েছেন—এ উপলক্ষে সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনেয়ী, সম্মানিত ইরানি জাতি এবং নৌবাহিনী ও সেনাবাহিনীর বীর যোদ্ধাদের প্রতি আমরা শোক ও অভিনন্দন জানাই। একই সঙ্গে আমরা ইরানের জনগণের সঙ্গে অঙ্গীকার করছি—সম্পূর্ণ শত্রু পরাজয় এবং পবিত্র কুদস মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/৩০