ইরানের মিনাবের স্কুলের গণহত্যা ইতিহাসের পাতায় লেখা থাকবে: জাতিসংঘ দূত
-
বিশেষ দূত (সর্বডানে)
পার্সটুডে- জাতিসংঘের বিশেষ দূত ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপস্থিত হয়ে বলেছেন, মিনাব স্কুলে সংঘটিত গণহত্যা বিশ্ব ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।
তাসনিম সংবাদ সংস্থার সামাজিক বিভাগের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্য বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জ্যাঁ আরনো রেড ক্রিসেন্টের জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনার কেন্দ্রীয় সদর দপ্তরে উপস্থিত হয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেড ক্রিসেন্টের ত্রাণকর্মীদের সেবার প্রশংসা করে বলেন, গত ৫ সপ্তাহ ধরে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে আপনারা কার্যক্রম চালিয়েছেন; এটা ত্যাগ ও আত্মোৎসর্গের স্পষ্ট নিদর্শন।
মধ্যপ্রাচ্য বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত বলেন, এই যুদ্ধ থেকে যা নিশ্চিতভাবে বিশ্বের ইতিহাসে নথিভুক্ত হবে, তা হলো মিনাব স্কুলে সংঘটিত গণহত্যা। আন্তর্জাতিক সমাজ এই বিপর্যয়ের প্রতি উদাসীন নয়। বিভিন্ন দেশে জনমত জরিপে এই যুদ্ধকে প্রত্যাখ্যান ও নিন্দা করা হয়েছে এবং এর পরিণতিকে অত্যন্ত ভয়াবহ হিসেবে বিবেচনা করা হয়েছে।
আরনো আরও বলেন, এই যুদ্ধে নারী ও শিশুদের ওপর সংঘটিত অপরাধ ও দুর্ভোগের কারণে জাতিসংঘে আমাদের সহকর্মীরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন যাতে যত দ্রুত সম্ভব এই যুদ্ধের অবসান ঘটে।
তিনি বলেন- যারা ইরানি সমাজকে সহায়তা করছেন, তাদের কাছে আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ পৌঁছে দেবেন।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।