গোলেস্তান: উত্তর-পূর্ব ইরানের হাজার রঙের স্বর্গ
-
ইরানের গোলেস্তান প্রদেশের আলাংদারে বন উদ্যান
পার্স টুডে: গোলেস্তান প্রদেশ; উত্তর-পূর্ব ইরানের এক রূপময় সবুজ ভূখণ্ড। যেখানে আদিম হিরকানিয়ান বন, বিস্তীর্ণ তোর্কমেন সাহরা সমভূমি এবং কাস্পিয়ান সাগরের নীল জলরাশি একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য ও চোখ জুড়ানো প্রাকৃতিক ক্যানভাস।
উত্তর-পূর্ব ইরানের এই গোলেস্তান প্রদেশের প্রীতিময় রাজধানী হলো 'গোরগান'। প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের দিক থেকে এটি ইরানের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। ২০ হাজার বর্গকিলোমিটারেরও বেশি আয়তনের এই প্রদেশটিতে তোর্কমেন, মাজান্দারানি, সিস্তানি এবং কুর্দিদের মতো বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বসবাস করছেন। তাঁদের বৈচিত্র্যময় লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি মিলে এখানে যেন তৈরি হয়েছে ইরানি সংস্কৃতির এক অনন্য রংধনু। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্বীকৃত হিরকানিয়ান বন, বিস্তীর্ণ উপত্যকা, রূপালী জলপ্রপাত এবং প্রাচীন ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ গোলেস্তান দেশি-বিদেশি পর্যটকদের জন্য এক স্বর্গীয় ভ্রমণ গন্তব্য।
গোরগানের নাহারখোরান ফরেস্ট পার্ক
গোরগান শহরের কোল ঘেঁষে থাকা নাহারখোরান ফরেস্ট পার্ক গোলেস্তান প্রদেশের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। ঘন প্রাচীন বৃক্ষরাজি, বছরজুড়ে মনোরম আবহাওয়া এবং আধুনিক বিনোদন ব্যবস্থার কারণে এই অরণ্যঘেরা অঞ্চলটি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ।
আলংদারেহ ফরেস্ট পার্ক
প্রকৃতির মাঝে নিখাদ মানসিক প্রশান্তি ও ভ্রমণের জন্য আলংদারেহ ফরেস্ট পার্কের জুড়ি মেলা ভার। এর সবুজ অরণ্য, কলকল বয়ে যাওয়া স্বচ্ছ পানির ঝরনা আর বনের বুক চিরে চলে যাওয়া কাঠের তৈরি হাঁটার পথ পর্যটকদের প্রকৃতির আরও কাছে নিয়ে যায়।
গোলেস্তান ন্যাশনাল পার্ক
গোলেস্তান ন্যাশনাল পার্ক ইরানের সর্বপ্রথম নিবন্ধিত জাতীয় উদ্যান এবং বিশ্বের অন্যতম প্রাচীন সংরক্ষিত বনাঞ্চল। ৯০ হাজার হেক্টরেরও বেশি বিশাল আয়তনের এই পার্কটি খোরাসান, সেমনান এবং গোলেস্তান প্রদেশের সংযোগস্থলে অবস্থিত, যা ইরানের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের এক অমূল্য ভাণ্ডার।
শিরাবাদ জলপ্রপাত
হিরকানিয়ান বনের গহীন উপত্যকায় অবস্থিত শিরাবাদ জলপ্রপাত গোলেস্তানের এক রোমাঞ্চকর প্রাকৃতিক বিস্ময়। পাহাড়ি ধাপ বেয়ে নেমে আসা এই বহুমাত্রিক জলপ্রপাতের পাদদেশে রয়েছে প্রাকৃতিকভাবে তৈরি নীল পানির সুইমিং পুল বা জলাধার, যা অ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণকারীদের দারুণভাবে টানে।
গোল রামিয়ান ঝরনা
গোল রামিয়ান হলো রেশমি প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক রহস্যময় ও গভীর প্রাকৃতিক জলাধার। চারদিকের সবুজ পাহাড়ের মাঝে এর ফিরোজা রঙের স্থির পানি এক অপার্থিব ও মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে।
গালিকেশের পপি সমভূমি
বসন্তে গালিকেশের পপি সমভূমি যেন এক জীবন্ত উপাখ্যান। প্রতি বছর মেঠো পথ ছাড়িয়ে মাইলের পর মাইল জুড়ে ফুটে থাকা লাল টুকটুকে বুনো পপি (শকায়েক) ফুলের চাদর পুরো উপত্যকাকে এক স্বপ্নের রাজ্যে রূপান্তর করে।
তুর্কমেন সাহারা
উত্তর ইরানের প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত তুর্কমেন সাহারা অনন্য প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ লোকসংস্কৃতির এক চারণভূমি। এখানকার আদিবাসীদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা, ঘোড়দৌড় এবং বিস্তীর্ণ চারণভূমি দেখতে প্রতি বছর দেশি-বিদেশি অসংখ্য পর্যটক ভিড় করেন।
ভ্রমণ গাইড: কীভাবে যাবেন?
গোলেস্তান প্রদেশে ভ্রমণের জন্য আকাশপথ, রেলপথ এবং সড়কপথ—তিনটি মাধ্যমই উন্মুক্ত:
আকাশপথ: রাজধানী তেহরান থেকে সরাসরি গোলেস্তানের রাজধানী গোরগান বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট রয়েছে।
রেলপথ: তেহরান এবং মাশহাদ থেকে আলবোরজ পর্বতমালার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ট্রেনে করেই পৌঁছে যাওয়া যায় গোরগানে।
সড়কপথ: এছাড়া পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে চমৎকার হাইওয়ে ধরে গাড়ি বা বাসে করে সহজেই এই সবুজ ঘেরা প্রদেশে যাওয়া সম্ভব।
প্রকৃতির এই হাজার রঙের রূপ নিজে চোখে উপভোগ করতে এবং ইরানের ভিন্নধর্মী সংস্কৃতির স্বাদ নিতে আপনার পরবর্তী ভ্রমণ তালিকায় 'গোলেস্তান' প্রদেশকে যুক্ত করতে পারেন।#
পার্সটুডে/এমএআর/১২