আশুরা: প্রজ্ঞা ও আনুগত্যের সেই বিদ্যালয়, যা ইতিহাসের সীমানা অতিক্রম করেছে
পার্সটুডে- আশুরা এমন এক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আনুগত্য রক্তের সঙ্গে মিশে একাকার হয়েছে এবং ৭২ জন শহীদ সচেতনভাবে চিরস্থায়ী মর্যাদাকে বেছে নিয়ে ইতিহাসের পথপ্রদর্শক প্রদীপে পরিণত হয়েছেন।
মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে এক প্রতিবেদনে লিখেছে, আশুরার আন্দোলন ছিল উম্মাহকে নবী (সা)'র আদর্শে ফিরিয়ে আনার এক ঐতিহাসিক মোড়। এমন এক সময়ে, যখন বিদআত বা বিকৃতি সুন্নাহর স্থান দখল করেছিল, তখন কারবালা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়ের এক বিশুদ্ধিকরণ কেন্দ্রে পরিণত হয়। এই ঘটনায় ইমাম হুসাইন (আ.)-এর সঙ্গীরা কেবল অনুসারী ছিলেন না; বরং তাঁরা ছিলেন এমন এক আদর্শের সচেতন সাক্ষী, যা আনুগত্য, জ্ঞান, প্রজ্ঞা ও অবিচলতার সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছে।
কারবালায় আনুগত্য কেবল একটি নৈতিক দায়বদ্ধতা ছিল না; এটি ছিল আরও গভীর এক আধ্যাত্মিক সত্য। এই আনুগত্য ছিল “তাওয়াল্লি ও তাবার্রি”-র সর্বোচ্চ প্রকাশ, যা ইমামের নেতৃত্ব ও মর্যাদা সম্পর্কে তাঁদের দৃঢ় বিশ্বাস ও অন্তর্দৃষ্টিসম্পন্ন উপলব্ধি থেকে উৎসারিত হয়েছিল। তাঁরা ইমামের পথে মৃত্যুকে সমাপ্তি নয়, বরং পবিত্র ও চিরস্থায়ী জীবনের সূচনা হিসেবে দেখেছিলেন। এ কারণেই আশুরার আগের রাতে, যখন ইমাম হুসাইন (আ.) তাঁদের আনুগত্যের অঙ্গীকার থেকে অব্যাহতি দিয়েছিলেন, তখনও কেউ পিছিয়ে যাননি; বরং সবাই নিজেদের অঙ্গীকারে অটল থেকেছিলেন।
সঙ্গীদের মধ্যে ছিল বিস্ময়কর বৈচিত্র্য—হাবিব ইবনে মাজাহিরের মতো প্রবীণ ব্যক্তিত্ব থেকে শুরু করে আলী আকবর (আ.) ও কাসিম ইবনে হাসান (আ.)-এর মতো তরুণ যুবক। এটি প্রমাণ করে যে সত্য ও মর্যাদার এই উচ্চ শিখরে পৌঁছানোর পথ সব বয়স ও শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত; এর একমাত্র শর্ত হলো আন্তরিকতা ও নিষ্ঠা।
এখানে “প্রজ্ঞা” বা দূরদৃষ্টিও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়াজিদের প্রচারণা, বিভ্রান্তি ও সন্দেহ সৃষ্টির নানা চেষ্টার মধ্যেও তাঁরা সত্যকে হারিয়ে ফেলেননি। তাঁরা জানতেন, হুসাইন (আ.)-এর পাশে দাঁড়ানো মানে সত্যের পক্ষে দাঁড়ানো, এমনকি যদি তার মূল্য নিজের জীবন দিয়েও পরিশোধ করতে হয়। এই প্রজ্ঞা তাঁদের ধর্মীয় শিক্ষা এবং কুরআন ও আহলে বাইতের সঙ্গে গভীর সম্পর্কের ফল ছিল।
কারবালার প্রান্তর ছিল সেই অঙ্গীকার রক্ষার প্রতীক, যা মহান আল্লাহ মানবজাতির কাছ থেকে গ্রহণ করেছিলেন। এই ৭২ জন শহীদ সকল স্বাধীনচেতা মানুষের প্রতিনিধি, যারা সত্যের “কেউ কি সাহায্যকারী আছে?”—এই আহ্বানে সাড়া দেন। আল্লাহর বিচারে সংখ্যা গুরুত্বপূর্ণ নয়; বরং গুরুত্বপূর্ণ হলো ঈমানের গুণগত মান ও আনুগত্যের গভীরতা। তাঁদের হাসিমুখে ও আনন্দের সঙ্গে শাহাদাত গ্রহণ প্রমাণ করে যে তাঁদের আধ্যাত্মিক চেতনা বস্তুগত আকর্ষণের ওপর বিজয়ী হয়েছিল। তাঁদের কাছে কারবালা কোনো রক্তাক্ত মৃত্যুভূমি ছিল না; বরং ছিল প্রিয় স্রষ্টার দিকে যাত্রার এক মহিমান্বিত সোপান।
সামাজিক দৃষ্টিকোণ থেকেও তাঁদের আনুগত্য সব যুগের জন্য এক মহান শিক্ষা। ঐশী আদর্শের পথে ব্যক্তিগত স্বার্থের কোনো স্থান নেই। তাঁদের এই আনুগত্য ইতিহাসে এমন এক বীজ বপন করেছিল, যার ফল পরবর্তী জাগরণমূলক ও মুক্তির আন্দোলনগুলোতে দেখা গেছে। আশুরা “দুনিয়াবি হিসাব” ও “পরকালের চেতনা”-র মধ্যে এক সুস্পষ্ট পার্থক্য তুলে ধরে। ইমামের সঙ্গীরা ক্ষণস্থায়ী লাভ-ক্ষতির চিন্তা অতিক্রম করে ঐশী প্রজ্ঞার স্তরে পৌঁছেছিলেন।
তাঁদের আনুগত্য ছিল ধৈর্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তৃষ্ণা, কষ্ট এবং প্রিয়জন হারানোর বেদনার মধ্যেও তাঁদের অবিচলতা ছিল অনন্য। ইমামের প্রতি তাঁদের ভালোবাসা ছিল গভীর জ্ঞান ও ঈমানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাই তাঁরা একে অপরের আগে আত্মত্যাগ করতে প্রস্তুত ছিলেন। সংকটের চরম মুহূর্তে তাঁদের এই সচেতন নির্বাচন প্রমাণ করে যে আনুগত্য কেবল একটি অনুভূতি নয়; এটি একটি জীবনদর্শন।
কারবালায় প্রবাহিত সেই পবিত্র রক্ত ইসলামী শরিয়তের স্থায়িত্বের গ্যারান্টি হয়ে উঠেছিল। যদি এই ৭২ জনের আত্মত্যাগ না থাকত, তবে এই মহান আন্দোলনের বার্তা হয়তো ইতিহাসের পাতায় হারিয়ে যেত। তাঁদের জীবন দেখায় যে কারবালা এমন এক মানবগঠন কেন্দ্র, যেখানে বংশ, জাতি বা অতীত কোনো বিষয় নয়; বরং আনুগত্য ও নিষ্ঠাই মানুষকে মহিমান্বিত করে তোলে।
আশুরা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি এমন এক চিরন্তন শিক্ষা, যা সব যুগে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামরত মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। কারবালার আনুগত্যের আদর্শ আধুনিক মানুষের পরিচয় সংকট ও নৈতিক বিভ্রান্তির জন্যও এক কার্যকর পথনির্দেশনা। তাঁরা “আমি” থেকে “তিনি”-র দিকে অগ্রসর হয়েছিলেন এবং আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। তাই তাঁদের কাছে কারবালা ছিল জান্নাতের দ্বার, যেখানে ভয়ের কোনো স্থান ছিল না।
তীরবৃষ্টির মধ্যেও নামাজ আদায়ের দৃশ্য ছিল আল্লাহর প্রতি পূর্ণ দাসত্বের এক জীবন্ত প্রতীক। ইমাম হুসাইন (আ.)-এর আন্দোলন ছিল ঘুমন্ত সমাজকে জাগিয়ে তোলার একমাত্র কার্যকর উপায়, আর তাঁর ৭২ জন সঙ্গী ছিলেন সেই জাগরণের প্রধান বাহক। তাঁদের রক্ত উমাইয়া শাসনের বৈধতার ওপর চূড়ান্ত প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিল।
আজও তাঁদের আনুগত্যের শিক্ষা পুনরায় পাঠ করা অত্যন্ত জরুরি। কারবালা আমাদের শেখায়, সত্যের প্রতি আনুগত্যের মূল্য আছে, আর সেই মূল্য পরিশোধের জন্য প্রস্তুত থাকতে হয়। এই ৭২ জন শহীদ মানবীয় গুণাবলির এক অনন্য সমাহার ছিলেন। প্রতি বছর মহররম ফিরে এলে ইতিহাস যেন তাঁদের জ্ঞান, প্রজ্ঞা ও আত্মত্যাগের পাঠশালায় আবার বসে।
কারবালা কোনো অতীতের ঘটনা নয়; এটি প্রতিটি সময় ও স্থানের জন্য এক জীবন্ত ধারা। আমরাও আজ বিভিন্ন রূপে একই পরীক্ষার সম্মুখীন। তাই তাঁদের আনুগত্য, আত্মত্যাগ ও প্রজ্ঞা আমাদের জন্য বস্তুবাদ থেকে আধ্যাত্মিকতার দিকে উত্তরণের এবং মহান ঐশী দায়িত্ব পালনের এক চিরন্তন আদর্শ। এটাই কারবালার অমর সত্য, যা যুগে যুগে মানবতাকে আলোকিত করে চলেছে।
পার্সটুডে/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ