ইরানের শহীদ নেতার জানাজায় ব্যাপক উপস্থিতির জন্য ইরাকিদের প্রতি আম্মার হাকিমের আহ্বান
-
আম্মার হাকিম
পার্সটুডে- ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের প্রধান আম্মার আল-হাকিম দেশটির জনগণকে ইসলামী বিপ্লবের শহীদ নেতার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
পার্সটুডে জানিয়েছে, সাইয়্যেদ আম্মার আল-হাকিম ইরাকের জনগণকে শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজায় ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই উপস্থিতি ইরান ও ইরাক-এই দুই ভ্রাতৃপ্রতিম জাতির মধ্যে সংহতি, আনুগত্য এবং গভীর সম্পর্কের বার্তা বহন করবে।
এদিকে, ইরাকের নিরাপত্তা তথ্য ইউনিটের প্রধান সাদ মান জানিয়েছেন, কারবালা ও নাজাফে ইরানের শহীদ নেতার জানাজার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা সংস্থা এবং সেনাবাহিনীর বিমান ইউনিটের সকল বিভাগের উপস্থিতিতে গৃহীত পরিকল্পনাগুলোর তদারকির জন্য নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সাদ মান আরও বলেন, মুসলিম উম্মাহর নেতার মরদেহকে আনুষ্ঠানিকভাবে গ্রহণের অনুষ্ঠান মঙ্গলবার নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
তিনি জানান, কারবালায় জনসাধারণের অংশগ্রহণে জানাজার অনুষ্ঠান বুধবার বিকেল ৪টা থেকে শুরু হবে। জানাজার শোভাযাত্রার পথ হবে সাদরাইন সেতু থেকে ইমাম আলী (আ.)র পবিত্র মাজার পর্যন্ত,যার দৈর্ঘ্য প্রায় ৬ কিলোমিটার। এখানে ৩৫১টি ধর্মীয় সেবাকেন্দ্র এতে অংশ নেবে।
অন্যদিকে, একটি ইরাকি সূত্র জানিয়েছে,ইরাকের প্রধানমন্ত্রী নাজাফে ইরানের শহীদ নেতার জানাজার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।#
পার্স টুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।