বহু বছর পর ৩০ কোটি ব্যারেলের নিচে নামল মার্কিন জরুরি তেল মজুত
-
তেল সংরক্ষণাগার
পার্সটুডে- ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর দেশটির জরুরি তেল মজুত গত ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ৩০ কোটি ব্যারেলের নিচে নেমে গেছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটির কৌশলগত তেল মজুত কমে গেছে। শুক্রবার এই মজুত ছিল ২৯ কোটি ৮৭ লাখ ব্যারেল।
‘দ্য হিল’ লিখেছে, সর্বশেষ ১৯৮০-এর দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের তেল মজুতের পরিমাণ ৩০ কোটি ব্যারেলের নিচে নেমেছিল। এবারের এই পতন অবশ্য খুব একটা অপ্রত্যাশিত ছিল না। কারণ, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মার্চ মাসে ঘোষণা করেছিল যে ১২০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া হবে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসন বৈশ্বিক তেল সরবরাহের ওপর চাপ আরও বাড়িয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন সীমিত হয়ে পড়েছে। এর প্রভাবে জ্বালানি স্টেশনগুলোতে ভোক্তাদের জন্য জ্বালানির দামও বেড়েছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।